বুয়েটছাত্রীকে মাইক্রোবাসের ধাক্কা

রাজধানীর পলাশি মোড়ে আজ রোববার মাইক্রোবাসের ধাক্কায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) একজন ছাত্রী আহত হয়েছেন। খবর পেয়ে মাইক্রোবাসটির কাচ ভাঙচুর ও সড়ক অবরোধ করে রেখেছেন বুয়েটের ক্ষুব্ধ শিক্ষার্থীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আহত ছাত্রীর নাম আনিকা তাসনিম। তিনি বুয়েটের স্থাপত্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে পলাশির মোড়ে একটি মাইক্রোবাস ওই ছাত্রীকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হলেও আঘাত গুরুতর নয়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক প্রথম আলোকে জানান, ছাত্রীর কোমরে আঘাত লেগেছে। তবে তা গুরুতর নয়।

খবর পেয়ে বুয়েটের ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটির কাচ ভাঙচুর করেন। তাঁরা রাস্তার মোড়ে কাঠের টুল ফেলে এতে আগুন ধরিয়ে দেন ও সড়ক অবরোধ করে রাখেন। দুপুর পৌনে ১২টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে অবরোধ চলছিল।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে পুলিশ।