বুয়েটে উপাচার্যের ডাকা বৈঠকে অধিকাংশই অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাচার্যের ডাকা বৈঠকে গতকাল মঙ্গলবার বিভাগীয় প্রধান, প্রাধ্যক্ষ ও ডিনদের ২৯ জনের মধ্যে ২৩ জনই অংশ নেননি। তবে কয়েকজন পরিচালক উপস্থিত ছিলেন। এঁদের সঙ্গে আলোচনা করে আগামী সোমবার ভর্তি পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম শুরুর বিষয়ে একাডেমিক কাউন্সিলের সভা ডেকেছেন উপাচার্য।জানা যায়, গতকালের সভায় পাঁচজন ডিনের মধ্যে কেউই উপস্থিত ছিলেন না। ১৬ জন বিভাগীয় প্রধানের মধ্যে মাত্র দুজন এবং আটজন প্রাধ্যক্ষের মধ্যে চারজন উপস্থিত ছিলেন। জানতে চাইলে উপাচার্য এস এম নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ভর্তি পরীক্ষাসহ অন্যান্য শিক্ষা কার্যক্রম নিয়ে আগামী সোমবার একাডেমিক কাউন্সিলের সভা ডাকা হয়েছে। সেখানেই বিষয়গুলো আলোচনা করে করণীয় ঠিক করা হবে। খোলার চতুর্থ দিনেও গতকাল মঙ্গলবার শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে যাননি। শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান উপাচার্য ও সহ-উপাচার্যের অপসারণ ছাড়া তাঁরা শ্রেণীকক্ষে যাবেন না। এমনকি অন্যান্য শিক্ষা কার্যক্রমেও অংশ নেবেন না।