
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি অব্যাহত রয়েছে। প্রথমে ‘মাদক ব্যবসায়ী’ ও পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে হামলাকারীদের বিচার ও নিরাপদ ক্যাম্পাসসহ আট দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবারও শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন।
এ সংঘর্ষের ঘটনা বুয়েট ও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলাদাভাবে তদন্ত করছে। বুয়েট বলছে, তারা চারটি তদন্ত কমিটি করেছে। আর ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে একটি তদন্ত কমিটি। কিন্তু কোনো কমিটির প্রতিবেদনই আলোর মুখ দেখেনি।
গত ২৬ অক্টোবর মাদক ব্যবসায়ী এবং ২৭ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ বাধে বুয়েটের শিক্ষার্থীদের। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত ক্লাস বর্জন করেন শিক্ষার্থীরা। এরপর ২ নভেম্বর থেকে ১০ নভেম্বর পর্যন্ত ছুটি ছিল। দাবি পূরণে শিক্ষার্থীরা ওই দিন পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন। কিন্তু পূরণ না হওয়ায় ছুটি শেষেও গতকাল পর্যন্ত তাঁরা ক্লাসে ফেরেননি।
বুয়েটের এই পরিস্থিতির বিষয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়গুলো আলাদা আইনে চলে। তাদের সিনেট, সিন্ডিকেট আছে। তাই জোর করে কিছু করা যায় না। কিন্তু মন্ত্রণালয় সমাধানের চেষ্টা করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, শিক্ষক-শিক্ষার্থী সবাই দায়িত্বশীল। তাঁরা শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখে যেন সমস্যা সমাধানের চেষ্টা করেন।
গতকাল দুপুরে বুয়েটের শতাধিক শিক্ষার্থী ক্যাফেটেরিয়ার সামনে জড়ো হন। রেজিস্ট্রার ভবন ঘেরাও কর্মসূচি ছিল শিক্ষার্থীদের। আন্দোলনকারীদের একজন পুরকৌশল বিভাগের শিক্ষার্থী দিব্য মণ্ডল সাংবাদিকদের বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। তিনি বলেন, ‘আমাদের উপাচার্যের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু তিনি দেখা করেননি।’
উপাচার্য মো. সাইফুল ইসলামের সঙ্গে গতকাল সাংবাদিকেরা দেখা করতে তাঁর কার্যালয়ে গেলেও তিনি দেখা দেননি।
বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের অধীনে যে তদন্ত কমিটি হয়েছিল, সে বিষয়ে এর পরিচালক অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার গতকাল বলেছেন, শিক্ষার্থীদের আট দফা দাবির মধ্যে ছয়টি পূরণ হয়েছে। এখন বাকি আছে বিশ্ববিদ্যালয়ে প্রবেশের রাস্তায় ফটক তৈরি করা, যা সময়সাপেক্ষ। আর শিক্ষার্থীরা চান প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে ‘দুষ্কৃতকারীদের’ পরিচয় উন্মুক্ত করা, যেটা তদন্ত শেষ না হলে করা সম্ভব নয়।
ছাত্রকল্যাণ পরিদপ্তরের বাইরেও তিনটি তদন্ত কমিটি কাজ করছে বলে সত্য প্রসাদ মজুমদারের ভাষ্য। তবে সেই কমিটিতে কারা আছেন, তদন্ত শেষ হতে কত দিন লাগতে পারে, সে ব্যাপারে তিনি কিছু জানেন না বলে দাবি করেন। তিনটি কমিটি করার কথা জানিয়ে ৮ ও ১৮ নভেম্বর দুটো বিজ্ঞপ্তি দেন বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক মো. সাইদুর রহমান। বিজ্ঞপ্তিতে সব শিক্ষার্থীকে অনতিবিলম্বে শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করার নির্দেশ দেওয়া হয়।
১৮ নভেম্বরের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত মাসের ২৬ ও ২৭ তারিখে সংঘটিত অনভিপ্রেত ঘটনাসমূহের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ত্বরিত ব্যবস্থা গ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার জন্য সম্ভাব্য সব পদক্ষেপ নিয়েছে। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছে যে অদ্যাবধি ছাত্রছাত্রীরা শ্রেণি কার্যক্রমে অংশগ্রহণ করেনি। ছাত্র-ছাত্রীদের এমন কর্মকাণ্ড বুয়েটের মতো স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।’
এ ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রধান ও জহুরুল হক হলের আবাসিক শিক্ষক মো. আবদুর রহিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘রোববারও আমরা তদন্ত কমিটির সভা করেছি। বিষয়টি যেহেতু রাতের অন্ধকারে হয়েছে, কাজটা আমাদের জন্য একটু কঠিন হয়ে গেছে। তদন্ত শেষ হতে আরও কিছুদিন লাগবে।’ আবদুর রহিম বলেন, ইউটিউবে সংঘর্ষের সিসিটিভির সম্পাদিত ফুটেজ বের হয়েছে। বুয়েট কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে সহযোগিতা চাওয়া হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ হবে।
কী ঘটেছিল
২৬ অক্টোবরের ঘটনায়চকবাজার থানায় বুয়েটেরকরা মামলার এজাহারে বলা হয়, ওই দিন সন্ধ্যায় রাজুসহ ১০-১২ জনকে পদচারী-সেতুর ওপর মাদক সেবনে বুয়েটের ছাত্ররা নিষেধ করলে তাঁদের তিনজনকে মারধর করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে রাজু তাঁর দলবল নিয়ে শেরেবাংলা হলের সামনে হামলা করেন।
২৭ অক্টোবর জহুরুল হক হলের শিক্ষার্থীদের সঙ্গে বুয়েটের শিক্ষার্থীদের মারামারির ঘটনায় শাহবাগ থানায় করা সাধারণ ডায়েরিতে (জিডি) বলা হয়, বিনা উসকানিতে ৩০-৪০ জন ছাত্র পলাশী থেকে ঢুকে বুয়েটের ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালান। আক্রমণকারীদের হাতে চাপাতি, হকিস্টিক, রড, স্টাম্প, ক্রিকেট ব্যাট ইত্যাদি দেখা গেছে। তাঁদের আক্রমণে আটজন শিক্ষার্থী গুরুতর আহত হন।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি, মারামারির আগে জহুরুল হক হলের এক শিক্ষার্থীকে বুয়েটের সোহরাওয়ার্দী হলে আটকে রাখা হয়েছে বলে খবর আসে। এতে ক্ষিপ্ত হয়ে তাঁকে ছাড়াতে হলের শিক্ষার্থীরা ছুটে যান। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে।
২৯ অক্টোবর নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বুয়েটের শিক্ষার্থীরা সমাবেশ করে উপাচার্যকে স্মারকলিপি দেন। এরপর থেকেই মূলত ক্লাসে যাওয়া থেকে বিরত থাকছেন শিক্ষার্থীরা।