বুয়েটে ছাত্র ফ্রন্ট কর্মীদের ওপর ছাত্রলীগের লাগাতার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের কর্মীরা চার দিন ধরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কর্মীদের ওপর দফায় দফায় হামলা চালিয়েছে। এতে কমপক্ষে আটজন ছাত্র ফ্রন্ট কর্মী আহত হন বলে বিশ্ববিদ্যালয় ও হাসপাতাল সূত্র জানিয়েছে। আহত ছাত্রদের মধ্যে সোমবার রাতে ছাত্রলীগের কর্মীদের হামলায় আহত গৌতম কুমার দের অবস্থা গুরুতর। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গৌতম ছাত্র ফ্রন্টের বুয়েট শাখার আহ্বায়ক।সর্বশেষ গতকাল মঙ্গলবার বিকেলে ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি সাদাত হাসান বুয়েটে গেলে তাঁকেও বেধড়ক মারধর করেন ছাত্রলীগের কর্মীরা।নিরাপত্তার অভাবে ক্যাম্পাসের বাইরে অবস্থান করছেন ছাত্র ফ্রন্ট কর্মীরা। তাঁরা যাতে বুয়েটে ঢুকতে না পারেন, সে জন্য ছাত্রলীগ পাহারা বসিয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।এসব হামলার প্রতিবাদে ছাত্র ফ্রন্ট গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ করে। পরে সংগঠনটির এক সংবাদ সম্মেলনে হামলাকারীদের শাস্তির দাবি জানানো হয়। ছাত্র ফ্রন্টের অভিযোগ, ছাত্রলীগের টেন্ডারবাজি ও চাঁদাবাজির বিরুদ্ধে ক্যাম্পাসে দেয়াললিখন ও পোস্টার সাঁটানোর পর গত শনিবার থেকে তাদের কর্মীদের ওপর হামলা শুরু হয়। প্রথম দিন আহত হন পাঁচজন। পরদিন আহত ছাত্রদের ওপর আবার হামলা চালানো হয়। এ ব্যাপারে বুয়েট প্রশাসনকে বারবার বলার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। ফলে ছাত্রলীগের কর্মীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে। বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক আমিনুল হক প্রথমে আলোর কাছে দাবি করেন, প্রথম দিনের মারামারির ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এরপর আরও তিন দিন হামলা হল কীভাবে—এ প্রশ্নের জবাবে আমিনুল হক বলেন, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে সহায়তা চাওয়া হয়েছে। কিন্তু যথাসময়ে উদ্যোগ না নেওয়ায় ঘটনাগুলো ঘটেছে। তবে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।ছাত্র ফ্রন্টের বুয়েট শাখার সাধারণ সম্পাদক মামুন মোরশেদ খান অভিযোগ করেন, ছাত্রলীগের বুয়েট শাখার যুগ্ম আহ্বায়ক রনক আহসানের নেতৃত্বে তাঁর অনুসারীরা এসব হামলা চালিয়েছে। তিনি জানান, সোমবার রাতে ছাত্র ফ্রন্টের নেতা-কর্মীরা বিষয়টি নিয়ে কথা বলার জন্য বুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক আমিনুল হকের সঙ্গে দেখা করতে যান। আমিনুল হক তাঁদের প্রাধ্যক্ষের সঙ্গে কথা বলে হলে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু হলে তাঁদের কক্ষ সিলগালা করে দেওয়ায় প্রাধ্যক্ষ তাঁদের ক্যাম্পাসের বাইরে থাকার পরামর্শ দেন। এরপর তাঁরা আহসানউল্লাহ হলে খেতে গেলে রওনক আহসানের অনুসারী রানা ও মোকাম্মেলের নেতৃত্বে ছাত্রলীগের এক দল কর্মী হামলা চালিয়ে তাঁদের পাঁচজনকে বেদম মারধর করেন। একপর্যায়ে গৌতম জ্ঞান হারিয়ে ফেললে তাঁকে রাস্তায় ফেলে দিয়ে ছাত্রলীগের কর্মীরা চলে যান। অবশ্য ছাত্রলীগের নেতা রনক আহসান দাবি করেন, তিনি এসব হামলার ঘটনায় জড়িত নন। হামলায় জড়িত ছাত্রলীগের কর্মীরা যে তাঁর অনুসারীরা, তা তিনি স্বীকার করেছেন। তিনি বলেন, জড়িত ব্যক্তিদের ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।