বুয়েটে ছাত্র মারধরে তিনজন বহিষ্কার
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্রকে মারধরের ঘটনায় অভিযুক্ত তিন ছাত্রকে ছয় মাসের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। তবে বুয়েট শাখা ছাত্রলীগের দাবি, বহিষ্কৃতদের সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই। এদিকে ঘটনার চূড়ান্ত বিচারের রায় কার্যকর না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বহিষ্কার হওয়া ছাত্ররা হলেন: ম্যাটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের ছাত্র সুজিত সাহা, একই বিভাগের ছাত্র সাইফুল্লাহ শিকদার ০৮ ব্যাচ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আরিফ রায়হান ০৯ ব্যাচ। আজ সোমবার তাদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, তিন ছাত্রকে উপাচার্যের বিশেষ ক্ষমতাবলে সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক আবদুর রশিদ সরকারকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আজ সোমবারের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে। এর ভিত্তিতে বোর্ড অব রেসিডেন্ট অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটি পরবর্তী শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে।এদিকে ওই তিন ছাত্রের আজীবন বহিষ্কারের ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত সাধারণ শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছেন। প্রহারে আহত তৌসিফ আহমেদ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাঁ হাত ভেঙে গেছে। এ ছাড়া পা থেঁতলে গেছে ও শরীরের কয়েক স্থানে সেলাই পড়েছে। র্যাগ ডে উপলক্ষে গত বুধবার ০৬ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজিত কনসার্টে কিছুসংখ্যক কনিষ্ঠ ব্যাচের ছাত্রের জোর করে ঢোকা নিয়ে ঘটনার সূত্রপাত হয়। ঘটনার সঙ্গে ছাত্রলীগের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন বুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি মিশু বিশ্বাস। তিনি বলেন, ‘ওই তিন ছাত্রের সঙ্গে ছাত্রলীগের কোনো সম্পর্ক নেই। তাদের দায়দায়িত্বও সংগঠন নেবে না।’