বুয়েটে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষ, একজন তিনতলা থেকে পড়ে আহত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। এ সময় তৃতীয় তলার সিঁড়ি থেকে এক ছাত্র পড়ে গিয়ে আহত হন। গতকাল বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের আহসানউল্লাহ হলে এ ঘটনা ঘটে। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ।ক্যাম্পাস সূত্র জানায়, ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে রানা ও ফাইরুজ গ্রুপের মধ্যে কয়েক দিন ধরে উত্তেজনা চলছে। এর জের ধরেই এ সংঘর্ষ। আহতদের মধ্যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের (০৯ ব্যাচ) ছাত্র জয় প্রকাশের অবস্থা গুরুতর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, আহসানউল্লাহ হলে টেবিল টেনিস খেলাকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে জয় ও ফরহাদের সঙ্গে সুব্রত ও মৃদুলের কথা-কাটাকাটি হয়। জয় ফাইরুজ পক্ষের কর্মী। এরপর গতকাল জয় কয়েকজনকে নিয়ে আহসানউল্লাহ হলে মৃদুলের খোঁজে গেলে ০৬ ব্যাচের মোকাম্মেলের নেতৃত্বে লিমন, তন্ময়, রানাসহ কয়েকজন জয় ও তাঁর সঙ্গীদের ওপর হামলা চালান। এতে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে সিঁড়ি দিয়ে নামার সময় একজন ছাত্র পড়ে গিয়ে আহত হন বলে লালবাগ থানার ওসি আজিজুল হক জানিয়েছেন। সংঘর্ষে সিয়াম এবং প্রতিপক্ষের কর্মী মৃদুলও এ সময় আহত হয়েছেন।