বুয়েটে ভর্তি-প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিলেন হাইকোর্ট
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) চলতি ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তি-প্রক্রিয়া শুরু করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি বেঞ্চ এক আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৩১ জুলাই একই বেঞ্চ বুয়েটের ছাত্র-শিক্ষক-কর্মচারীদের আন্দোলনে অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা দিয়েছিলেন। একই সঙ্গে রুলও জারি করেন। এরই ধারাবাহিকতায় ২০১২-১৩ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ ও প্রক্রিয়া শুরুর নির্দেশনা চেয়ে গত সপ্তাহে সম্পূরক আবেদন করেন ইউনূস আলী। গতকাল এ আবেদনের ওপর শুনানি হয়। আদালতে রিটকারী নিজেই শুনানি করেন। বুয়েটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান।পরে এম কে রহমান প্রথম আলোকে বলেন, আদালত অবিলম্বে বুয়েটের ভর্তি কার্যক্রম শুরুর নির্দেশ দিয়েছেন। বুয়েটের ডিন, একাডেমিক কাউন্সিলের সদস্যসহ সংশ্ল্লিষ্ট ব্যক্তিদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। তবে কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। ফলে স্বাভাবিক নিয়মে ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।গত ১৯ জুলাই ইউনুস আলী আকন্দ জনস্বার্থে ওই রিট করেন। আবেদনে ১০ জুলাই ৪৪ দিনের জন্য এ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণাসংক্রান্ত উপাচার্যের আদেশ ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আরজি জানানো হয়। প্রাথমিক শুনানির পর ৩১ জুলাই আদালত বুয়েটে ছাত্র-শিক্ষক ও কর্মচারীদের চলমান আন্দোলন-ধর্মঘট কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা চার সপ্তাহের মধ্যে জানতে চেয়ে রুল জারি করা হয়। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আন্দোলনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়। এ ছাড়া বুয়েট ক্যাম্পাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে নির্দেশ দেওয়া হয়।