বুয়েটে শিক্ষকদের আন্দোলন চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য ও সহ-উপাচার্যের পদত্যাগের দাবিতে গতকাল রোববার দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন শিক্ষকেরা। এ আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে বুয়েট শিক্ষক সমিতি।এদিকে বিভিন্ন দাবিতে গতকাল থেকে শিক্ষকদের ফাইলের যাবতীয় দাপ্তরিক কাজ বন্ধের ঘোষণা দিয়েছে বুয়েট কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ।বুয়েট সূত্রে জানা যায়, বর্তমান উপাচার্য নজরুল ইসলাম ও সহ-উপাচার্য হাবিবুর রহমানের বিরুদ্ধে বঙ্গবন্ধু পরিষদ বুয়েট শাখার সভাপতি ও ডেপুটি রেজিস্ট্রার কামাল উদ্দীনকে নিয়মবহির্ভূতভাবে পদোন্নতি দেওয়া, প্রশাসনের বিভিন্ন পদে দলীয়করণ, কিছু কর্মকর্তা-কর্মচারীর চাঁদাবাজি ও নিয়োগ বাণিজ্যে সহযোগিতা করা, একাডেমিক কাউন্সিলকে পাশ কাটিয়ে পরীক্ষা ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা তৈরিসহ ১৬টি অভিযোগ এনেছে বুয়েট শিক্ষক সমিতি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় থেকে সহ-উপাচার্য পদটি বিলুপ্তির জন্য সরকারের কাছে আবেদনও জানিয়েছেন তাঁরা।বুয়েটের উপাচার্য নজরুল ইসলাম শিক্ষকদের অভিযোগগুলোকে অযৌক্তিক বলে দাবি করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, এখানে ব্যক্তি নিয়ে ঝামেলা হয়েছে। কামাল আহমদকে তাঁরা ব্যক্তিগতভাবে পছন্দ করেন না বলেই আগের প্রশাসনের আমলে পদোন্নতি দেওয়া হয়নি। বর্তমান প্রশাসনের সময়ে তিনি আবারও আবেদন করলে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে।শিক্ষক সমিতির সভাপতি মো. মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বর্তমান উপাচার্য ও সহ-উপাচার্য দায়িত্ব পাওয়ার পর থেকেই অনিয়ম চলছে। দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হচ্ছে শিক্ষক-কর্মকর্তাদের। শিক্ষকেরা বহুবার এর বিরোধিতা করেছেন। কিন্তু তা গ্রাহ্য করা হয়নি। তাই তাঁদের পদত্যাগ চাইছি আমরা। দাবি আদায় না হলে অনির্দিষ্টকাল কর্মবিরতি চলবে।’এদিকে কর্মকর্তা-কর্মচারীদের ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া, ছয়টি ইনসেনটিভ বোনাস দেওয়া, বিভিন্ন অফিসের প্রধানদের কর্মকর্তা পদে পূর্ণকালীন নিয়োগ দেওয়া, বাসস্থান সমস্যার সমাধান করা ইত্যাদি দাবিতে আন্দোলন শুরু করেছেন কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। বুয়েট কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। দাবি আদায় না করলে শিক্ষকদের সব ধরনের দাপ্তরিক কাজ তারা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখবে বলে ঘোষণা দিয়েছে।