বুয়েটে শিক্ষকদের কর্মবিরতি চলছেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষককে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং লাঞ্ছনাকারীদের শাস্তির দাবিতে চলমান ক্লাস বর্জন ও কর্মবিরতি অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়েছে বুয়েট শিক্ষক সমিতি। গতকাল রোববার বিকেলে সমিতির এক সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়।
সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল হাসিব চৌধুরী বলেন, এ ঘটনায় দোষীদের শাস্তি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলমান রাখার সিদ্ধান্ত হয়েছে।
১২ এপ্রিল জামায়াতের নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের পর তা অবিচার হিসেবে অভিহিত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করেন পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম। পরদিন তাঁকে নিজ কক্ষে লাঞ্ছিত করেন সম্প্রতি গঠিত হওয়া ছাত্রলীগের নেতা-কর্মীরা। তাঁকে কক্ষ থেকে টেনেহিঁচড়ে বের করে ক্যাফেটেরিয়ার সামনে এনে অপদস্থ করা হয়।