বুয়েটে শিক্ষার পরিবেশ বজায় রাখার আহ্বান রাষ্ট্রপতির
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য খালেদা আকরামের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল গতকাল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ বজায় রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। খবর বাসসের।
বৈঠকে প্রতিনিধিদলের সদস্যরা বিশ্বব্যাংক ও বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) মন্ত্রণালয়ের সহযোগিতায় একটি রোবটিক সেন্টার স্থাপনের বিষয়সহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তাঁরা রাষ্ট্রপতিকে জানান, বুয়েটের ছাত্ররা সম্প্রতি নয়াদিল্লিতে অনুষ্ঠিত রোবটিক প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করে। রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষার্থীদের এই চমৎকার নৈপুণ্যে সন্তোষ প্রকাশ করেন।
প্রতিনিধিদলের সদস্যরা বিশ্ববিদ্যালয়ের কিছু সমস্যা সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বলেন, এ ব্যাপারে ছাত্র-শিক্ষক উভয়কে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করতে হবে।