বুয়েটের আবরার হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন ১৪ সেপ্টেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুয়েট ছাত্র আবরার ফাহাদ
ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় নতুন করে ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। ১৪ সেপ্টেম্বর আসামিদের আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ঠিক করেছেন আদালত।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান আজ বুধবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) আবু আবদুল্লাহ ভূঁইয়া।

পিপি আবু আবদুল্লাহ বলেন, এ মামলায় অভিযোগ গঠনের ফরমে ভুলবশত একই হলের গেস্টরুমের স্থলে একই গেস্টহাউসে লিপিবদ্ধ হয়। এই মুদ্রণজনিত ভুল সংশোধনের জন্য রাষ্ট্রপক্ষ থেকে লিখিত আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত পরে সংশোধিত অভিযোগ গঠন করে আত্মপক্ষ সমর্থনের শুনানির দিন ঠিক করেছেন।

গত ৪ মার্চ এই মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। আবরার ফাহাদ হত্যা মামলায় গ্রেপ্তার ২২ আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় করা মামলায় ওই বছরের ১৩ নভেম্বর বুয়েটের ২৫ ছাত্রের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। গত বছরের ২১ জানুয়ারি অভিযোগপত্রটি আমলে নেন আদালত। গত বছরের ২ সেপ্টেম্বর তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে তিনজন পলাতক। অভিযোগপত্রে বলা হয়, পরস্পর যোগসাজশে শিবির সন্দেহে আবরারের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন অভিযোগ এনে নির্মমভাবে পিটিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করছেন আবু আবদুল্লাহ ভূঁইয়া, আবদুস সোবহান তরফদার, প্রশান্ত কুমার কর্মকার, মিজানুর রহমান, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম ও মশিউর রহমান। আসামিপক্ষের আইনজীবী হিসেবে আছেন মাহাবুব আহমেদ, আমিনুল গণী, গাজী জিল্লুর রহমান, আজিজুর রহমান, ফারুক আহমেদ প্রমুখ।