বুয়েটের উপাচার্য খালেদা একরাম আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা একরাম
খালেদা একরাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য খালেদা একরাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত সোমবার দিবাগত রাতে বাংলাদেশ সময় ২টা ৫ মিনিটে তিনি ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি ছিলেন বুয়েটের প্রথম নারী উপাচার্য। তাঁর মৃত্যুতে বুয়েটে শোকের ছায়া নেমে এসেছে।
বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ বুধবার উপাচার্যের মরদেহ ঢাকায় আনা হবে। এরপর বিকেল ৪টায় বুয়েটের স্থাপত্য ভবনের সামনে শ্রদ্ধা নিবেদন করা হবে। বুয়েট মাঠে জানাজা অনুষ্ঠিত হবে বিকেল সাড়ে ৫টায়।
অসুস্থ উপাচার্য খালেদা একরামকে ১১ মে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১৩ মে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককের একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
খালেদা একরাম ক্যানসারে ভুগছিলেন। তিনি প্রায় ৪২ বছর ধরে শিক্ষকতা করেছেন। ২০১৪ সালের ১৩ সেপ্টেম্বর তিনি বুয়েটের উপাচার্য হিসেবে যোগ দেন। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
খালেদা একরামের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান আবদুল মান্নানসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা।