বুয়েটের এক ছাত্রের পা ভেঙে দিয়েছেন ছাত্রলীগের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) গতকাল শনিবার দুপুরে শেষ বর্ষের এক ছাত্রকে পিটিয়েছেন তিন ছাত্র। তাঁরা সবাই ছাত্রলীগের কর্মী বলে জানা গেছে। আহত ছাত্রের নাম তৌসিফ আহমেদ। তাঁর পা ভেঙে গেছে। তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। র‌্যাগ ডে উপলক্ষে গত বুধবার আয়োজিত কনসার্টে পেছন থেকে সামনে যাওয়াকে কেন্দ্র করে তাঁদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে গত বৃহস্পতিবার তাঁদের মধ্যে বিষয়টির মীমাংসা হয়ে যায়। এর পরও গতকাল দুপুরে ওই তিন ছাত্র তৌসিফকে পেটান। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে বুয়েটের প্রায় হাজার খানেক ছাত্রছাত্রী গতকাল বিকেলে রাস্তায় নেমে আসেন। তাঁরা ওই তিন ছাত্রকে বুয়েট থেকে আজীবন বহিষ্কারের জন্য সহ-উপাচার্য হাবিবুর রহমান এবং ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক আমিনুল ইসলামকে বিকেল থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরুদ্ধ করে রাখেন।জানা গেছে, ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের ক্যানটিন বন্ধ করে দেন এবং ক্যাম্পাসের বিভিন্ন ফটকে অবস্থান নেন। এ সময় তাঁরা সাংবাদিক ছাড়া পুলিশ ও অন্য কাউকে ক্যাম্পাসে ঢুকতে দেননি। পরে অবরুদ্ধ অবস্থায় হাবিবুর রহমান তাঁদের সঙ্গে বৈঠক করে লিখিত আকারে অভিযোগ দিতে বলেন। তিনি বলেন, তাঁদের ওই লিখিত অভিযোগেই তিনি স্বাক্ষর করবেন। জানা গেছে, ছাত্ররা লিখিত অভিযোগটি তাঁর কাছে নিয়ে গেছেন।ওই তিন ছাত্র হলেন, মেটেরিয়াল অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র সুব্রত সাহা, একই বিভাগের ছাত্র সাইফুল্লাহ শিকদার ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের আরিফ রায়হান। বুয়েটের উপাচার্য নজরুল ইসলামের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, তিনি ক্যাম্পাসের বাইরে আছেন। সহ-উপাচার্যকে ব্যবস্থা নিতে বলেছেন।