বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চারটি হলের অন্তত ২০টি কক্ষ তছনছ করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসব কক্ষে শিবিরকর্মীরা থাকতেন সন্দেহে মঙ্গলবার রাত থেকে তাঁরা অভিযানে নামেন। এ ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে ছাত্রলীগের সোহরাওয়ার্দী হলের সাধারণ সম্পাদক ফেরদৌসের নেতৃত্বে ১০-১৫ জন ছাত্রলীগের কর্মী ডেইলি স্টার-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং তাঁর সাংবাদিক পরিচয়পত্র ছিনিয়ে নেন।বুয়েটের সাধারণ ছাত্ররা জানান, মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে শিবিরের নেতা-কর্মীদের খুঁজতে ছাত্রলীগের নেতা-কর্মীরা হলে হলে অভিযান শুরু করেন। ভোর পর্যন্ত ছাত্রলীগের অভিযান চলে। তাঁরা হলগুলোর ছাত্রশিবির চিহ্নিত কক্ষে গিয়ে শিবিরের নেতা-কর্মীদের খুঁজতে থাকেন। যেসব কক্ষে তালা ছিল, সেগুলো ভেঙে প্রবেশ করেন তাঁরা। এ সময় তাঁরা নজরুল হলের ২২৩, ৩১১(খ), ৪০৫; শহীদ স্মৃতি হলের ২১৫, আহসানউল্লাহ হলের ১০৮ ও ২১৫, শেরেবাংলা হলের ৩০০৭ ও ২০১১ এবং তিতুমীর হলের ২০০২ নম্বর কক্ষসহ অন্তত ২০টি কক্ষ ভাঙচুর করেন।ডেইলি স্টার-এর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক রাকিব আহমেদ জানান, বুয়েটে ছাত্রলীগের ভাঙচুরের খবর পেয়ে তিনি তথ্য সংগ্রহের জন্য যান। সেখান থেকে ফেরার পথে সোহরাওয়ার্দী হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস তাঁকে আটকান এবং ছাত্রলীগের কারও নাম দেওয়া যাবে না বলে নির্দেশ দেন। অন্যথায় ডেইলি স্টার ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না বলেও তিনি হুমকি দেন। রাকিব এর প্রতিবাদ করলে ফেরদৌস তাঁর পেশাগত পরিচয়পত্র ছিনিয়ে নেন।বিষয়টি জানতে পেরে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান ও সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরী বুয়েটের ছাত্রলীগের নেতাদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা ছাত্রলীগের নেতা ফেরদৌসকে কার্ডটি ফেরত দেওয়ার অনুরোধ করেন। এ সময় ফেরদৌস কেন্দ্রীয় দুই নেতাকে জানিয়ে দেন, তিনি ফেরত দেবেন না।বিষয়টি নিয়ে জানতে চাইলে ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আবু রায়হান প্রথম আলোকে বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের ক্যাডারদের হামলা প্রতিবাদে হলগুলো শিবিরমুক্ত করা হয়। সাংবাদিকের কার্ড ছিনিয়ে নেওয়ার বিষয়ে তিনি বলেন, যারা এটি করেছে, তারাই জানে। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহমুদ হাসান বলেন, এ ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।