বুয়েটের ছাত্রলীগের এক নেতা দুর্বৃত্তের কোপে গুরুতর আহত
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শাখা ছাত্রলীগের নেতা আরিফ রায়হানকে গতকাল মঙ্গলবার কুপিয়ে গুরুতর আহত করেছে এক দুর্বৃত্ত। আরিফ স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। বুয়েটের নজরুল ইসলাম হলে এ হামলা হয়। এ ঘটনায় পুলিশ নজরুল ইসলাম হলের দারোয়ান জাকির হোসেনকে আটক করেছে।আরিফ যন্ত্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ও নজরুল ইসলাম হলের ২২৪ নম্বর কক্ষের বাসিন্দা। তিনি বুয়েট শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। ২০১১ সালে জ্যেষ্ঠ এক ছাত্রকে মারধরের ঘটনায় তাঁকে বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন।উপাচার্য এস এম নজরুল ইসলাম বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ আফসার আলী প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে প্রথম আলোকে বলেন, বেলা ১১টার দিকে হামলাকারী আরিফের কক্ষে যায়। আরিফ ও তাঁর বন্ধু তন্ময় হামলাকারীকে আটক করে নিচতলায় আনেন। তন্ময় অন্য শিক্ষার্থীদের ডাকতে গেলে হামলাকারী আরিফকে কুপিয়ে পালিয়ে যায়।আরিফকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে সহপাঠীরা সাংবাদিকদের জানান, আরিফকে তাঁর কক্ষেই কোপানো হয়। গত কয়েক মাসে বিভিন্ন হল থেকে শিবিরের প্রায় ১৯ কর্মীকে মারধর করে বের করে দেওয়া হয়। কয়েক দিন আগে হেফাজতের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে একটি হলের ইমামকে মারধর করা হয়। এসব ঘটনার সঙ্গে আরিফের সংশ্লিষ্টতা ছিল। এ কারণে এই হামলা হয়ে থাকতে পারে।পুলিশের লালবাগ অঞ্চলের উপকমিশনার হারুন-অর-রশীদ হাসপাতালে সাংবাদিকদের বলেন, হামলাকারীর বয়স ২৫-৩০ বছর।বুয়েট শাখা ছাত্রলীগের একটি সূত্র জানায়, দরপত্রের টাকার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে আরিফের ওপর হামলা হয়েছে।ঢাকা মেডিকেলের চিকিৎসক পীযূষ কান্তি মিত্র জানান, আরিফের মাথা ও পিঠে ধারালো অস্ত্রের দুটি করে আঘাত রয়েছে, বাঁ চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৫০টি সেলাই লেগেছে। পরে তাঁকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।