বুয়েটের প্রথম নারী উপাচার্য খালেদা একরাম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পর এবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও (বুয়েট) প্রথম একজন নারী উপাচার্য হলেন। নতুন উপাচার্য বুয়েটের স্থাপত্য বিভাগের অধ্যাপক খালেদা একরাম। রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদন শেষে গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, চার বছরের জন্য তাঁকে নিয়োগ দেওয়া হয়েছে। বুয়েটের উপাচার্য নজরুল ইসলামের মেয়াদ শেষ হয়েছে গত ৩১ আগস্ট। এর পর থেকে পদটি শূন্য ছিল।
নতুন উপাচার্য খালেদা একরাম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, তিনি বুয়েটের সাবেক ছাত্রী এবং ৩৯ বছর ধরে শিক্ষকতা করছেন। উপাচার্য হওয়ায় তিনি সবার সহযোগিতা চেয়ে বলেন, ‘আমি সবার সহযোগিতায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।’ কাল শনিবার তিনি নতুন পদে যোগ দেবেন বলে জানান।
বুয়েট সূত্র জানায়, নতুন উপাচার্যের বাড়ি বগুড়া হলেও তিনি ঢাকাতেই বড় হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই বিদ্যালয়ে পড়েছেন।
এদিকে বুয়েটের শিক্ষক সমিতি উপাচার্য নিয়োগে জ্যেষ্ঠতা লংঘনের অভিযোগ তুলেছে। গতকাল তাৎক্ষণিক এক সভায় এই অভিযোগ করা হয়।