বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু
রাজধানীর উত্তর বাড্ডায় গত শনিবার তাবাসসুম খানম ওরফে নিশাত (২৮) নামের এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ছিলেন। স্বামী মনিরুজ্জামান জানিয়েছেন, তাবাসসুম আত্মহত্যা করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শনিবার সন্ধ্যা সাতটার দিকে তাবাসসুমকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বামী মনিরুজ্জামান। চিকিৎসক তখন তাঁকে মৃত ঘোষণা করেন। ওই সময় মনিরুজ্জামান সাংবাদিকদের জানান, তাবাসসুম তাঁর সঙ্গে উত্তর বাড্ডার খান বাগের মসজিদ রোডের বাসায় থাকতেন। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি বাসায় ফিরে ভেতর থেকে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না মেলায় এক বন্ধুকে খবর দেন তিনি। পরে দরজা ভেঙে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তাবাসসুম ঝুলছেন। তাবাসসুম প্রায়ই বিষণ্ন থাকতেন।
ঘটনা শুনে হাসপাতালে ছুটে যান তাবাসসুমের বাবা আবদুল হান্নান খান ও মা সামিয়া খানম। তাঁরা সাংবাদিকদের কাছে মৃত্যুর ব্যাপারে সন্দেহের কথা জানান। তখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্প পুলিশ মনিরুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করে।
বাড্ডা থানার এসআই মাহমুদুল হাসান বলেন, রাতেই লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে তাবাসসুম ও মনিরুজ্জামানের পরিবারের সদস্যদের থানায় নেওয়া হয়। সেখান থেকে তাবাসসুমের পরিবারের সদস্যদের নিয়ে উত্তর বাড্ডার বাসায় যান তিনি।
এসআই বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, ২০০৯ সালে বুয়েটের ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগ থেকে পাস করেছেন তাবাসসুম। স্বামীও ২০০৭ সালে একই প্রতিষ্ঠানের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পাস করেন। গত মার্চে তাঁদের বিয়ে হয়।
এসআই বলেন, বাসায় গিয়ে ফ্যানের সঙ্গে ওড়না পাওয়া গেছে। প্রাথমিকভাবে আত্মহত্যাজনিত মৃত্যু বলে মনে হচ্ছে। স্বামী-স্ত্রী দুজনই উচ্চশিক্ষিত হলেও তাঁদের আর্থিক অসংগতি ছিল। তাবাসসুম আগে একটি চাকরি করলেও কিছুদিন আগে তা ছেড়ে দেন। হয়তো এ কারণে বিষণ্ন থাকতেন তাবাসসুম। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মা-বাবার সন্দেহের ব্যাপারে জানতে চাইলে এসআই মাহমুদুল বলেন, সন্দেহের কারণ সম্পর্কে তাঁদের কাছ থেকে সুস্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে মনিরুজ্জামানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনে অন্য কিছু পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।