বুয়েটের প্রাক্তনীদের মেলবন্ধন

শীতের সকাল। কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকতেই আনন্দে থাকার কথা। কিন্তু কীসের যেন এক আকর্ষণে সূর্য উঁকি দেওয়ার আগে থেকেই মানুষের জটলা হতে শুরু করল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাঠে। শিশু-কিশোর থেকে শুরু করে অশীতিপর বৃদ্ধ সবাই আছেন সেখানে।
বুয়েটের খেলার মাঠে আয়োজন ছিল ‘মহাপুনর্মিলনীর’। গতকাল শুক্রবার এ উপলক্ষে সকাল থেকেই পরিবারের সদস্যদের নিয়ে আসতে শুরু করেন বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা। আড্ডা, গল্প, গান, স্মৃতিচারণসহ বিভিন্ন আয়োজনে দিনভর তাঁরা আনন্দে মেতে থাকলেন। বুয়েট পরিণত হয় পারিবারিক মেলবন্ধনে।
প্রবেশ ফটকের সামনে বাজছে ঢাকঢোল আর বাঁশি। ভেতরেও কয়েকজন ঢাক বাজিয়ে চলেছেন। মাঠের চারপাশ সাজানো হয়েছে রঙিন কাপড় আর ব্যানারে। পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন অনেকে। শুভেচ্ছা বিনিময় শেষে ঐতিহ্যবাহী নাশতার মধ্য দিয়ে শুরু হয় উৎসব।
বেলুন উড়িয়ে শুরু হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে মেধাবী সন্তান ও সদ্য উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেয় বুয়েট অ্যালামনাই। স্বাগত বক্তব্য দেন ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক দেলোয়ার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সাবেক উপাচার্য অধ্যাপক ইকবাল মাহমুদ বলেন, ‘বুয়েটের মাঠ, ভবন, পরিবেশ, কার্যক্রম, কাজের মান সব আগের মতোই আছে। তবে প্রযুক্তির ছোঁয়ায় অনেক কিছুই বদলে যাচ্ছে। তবে মূলগত পরিবর্তন যেন না হয় সেটাই আশা করছি।’
প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘আমাদের নতুন নতুন উদ্ভাবনীর দিকে নজর দেওয়া উচিত। প্রকৃতির প্রতি যত্নবান হতে হবে। টেকসই ও সবুজ উন্নয়নের কথা এখনই ভাবা দরকার।’ তিনি বলেন, ‘আমাদের স্বপ্ন দেখতে হবে। স্বপ্ন মানুষকে উন্নতি, অগ্রগতি ও আবিষ্কারের দিকে নিয়ে যায়।’
সভাপতির বক্তব্যে অ্যাসোসিয়েশন অব বুয়েট অ্যালামনাইয়ের সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘বুয়েটের গুণগত মান নিয়ে কোনো সন্দেহ নেই। তবে আরও সামনের দিকে এগোতে হবে। আমাদের দেশে আমরাই সেরা প্রতিষ্ঠান। কিন্তু বিশ্ব র্যাঙ্কিংয়ে বুয়েটকে দেখা যায় না। আমাদের লক্ষ্য আগামী ১৫ বছরে যেন বিশ্বের সেরা ৫০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে পৌঁছাতে পারি।’
সবশেষে ধন্যবাদ জানান মহা পুনর্মিলনী কমিটির আহ্বায়ক প্রকৌশলী মুনিরুদ্দিন আহমেদ। স্মৃতিচারণ করেন অ্যালামনাইয়ের প্রবীণতম অ্যালামনাই প্রকৌশলী ইমাম উদ্দিন চৌধুরী। তিনি ১৯৫১ সালে বুয়েটে পড়তেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে খেলাধুলা, আঁকা আঁকি, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাবেকেরা মেতেছিলেন উৎসবে। ছোটদের জন্য ছবি আঁকার প্রতিযোগিতা, নারীদের পিলো পাসিংয়ের মতো পরিবারের সবার জন্যই ছিল বয়সভিত্তিক আলাদা আয়োজন। বিকেলে স্মৃতিচারণ পর্বে সাবেকেরা যেন হারিয়ে গিয়েছিলেন অতীত রোমন্থনে।