বুয়েটের বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাজধানীর মালিবাগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। আজ শনিবার দুপুরে মালিবাগ সুপারমার্কেট কাঁচাবাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর চালকসহ বাসটিকে আটক করেছে রামপুরা থানা-পুলিশ।

নিহত ব্যক্তির নাম হেমায়েত হোসেন (৩৫)। বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার কাজিরহাট গ্রামের বাসিন্দা হেমায়েত। কাজের সূত্রে তিনি ঢাকা থাকেন। ঢাকায় ইন্টেরিয়র প্লাস নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক হেমায়েত।

রামপুরা থানার উপপরিদর্শক (এসআই) মো. ইয়াকুব আলী প্রথম আলোকে বলেন, বেলা আড়াইটার দিকে বুয়েটের বাসটি খিলগাঁও থেকে মালিবাগের দিকে যাচ্ছিল। এ সময় ওই বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক হেমায়েত হোসেন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। বিকেল চারটার দিকে কর্তব্যরত চিকিৎসক হেমায়েতকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করা হয়েছে ও চালককে আটক করে রামপুরা থানায় নেওয়া হয়েছে।

হেমায়েত হোসেনের চাচাতো ভাই মতিউর রহমান বলেন, রামপুরা টিভি সেন্টারের পাশে হেমায়েতের ব্যবসাপ্রতিষ্ঠানটি আছে। ওই এলাকায় পরিবার নিয়ে থাকতেন হেমায়েত। তিনি নবাবপুর থেকে কিছু ডেকোরেশন মালামাল কিনে ফেরার সময় ওই দুর্ঘটনার শিকার হন।