বুয়েটের শিক্ষক নীলোপলের যোগদানপত্র গ্রহণের নির্দেশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষক নীলোপল অদ্রির যোগদানপত্র গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রায়ের অনুলিপি পাওয়ার সাত দিনের মধ্যে আদালতের এ নির্দেশ বাস্তবায়ন করতে হবে।
বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রায় দেন। আদালতে নীলোপলের পক্ষে ছিলেন আইনজীবী শাহদীন মালিক। তিনি প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট নীলোপলের নিয়োগ চূড়ান্ত করলেও বিভাগ তাঁর যোগদানপত্র গ্রহণ করছিল না। এখন আদালতের রায় হাতে পাওয়ার সাত দিনের মধ্যে বিভাগকে নীলোপলের যোগদানপত্র গ্রহণ করতে হবে।
নীলোপল অদ্রি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, বুয়েট থেকে স্নাতকোত্তর এবং ইউনিভার্সিটি অব লন্ডন থেকে পিএইচডি করেছেন।
গত বছরের ৩১ ডিসেম্বর বুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রভাষক হিসেবে নীলোপলের নিয়োগ চূড়ান্ত করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। চলতি বছরের ১০ জানুয়ারি তাঁকে নিয়োগপত্র পাঠায় বিশ্ববিদ্যালয়। ১৮ জানুয়ারি যোগদানের জন্য তিনি বিভাগের চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে যান। কিন্তু চেয়ারম্যান তাঁর যোগদানপত্র গ্রহণ করেননি। এরপর তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে গিয়ে যোগদান করেন। কিন্তু বিভাগ তাঁকে গ্রহণ করেনি, তাঁকে কোনো ক্লাসও দেয়নি।
পরে নীলোপল তাঁর যোগদানপত্র গ্রহণ না করার বিষয়টি চ্যালেঞ্জ করে গত এপ্রিলে হাইকোর্টে রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি শেষে আদালত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগের চেয়ারম্যানসহ বিবাদীদের প্রতি রুল জারি করেন। ওই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আজ রায় ঘোষণা করলেন আদালত।
আরও পড়ুন: