বুয়েটের শিক্ষার্থী আরিফের ওপর হামলাকারী গ্রেপ্তার, স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হল মসজিদের ইমামকে মারধর করার অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতা আরিফ রায়হানের ওপর হামলা করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া বুয়েটের শিক্ষার্থী মেজবাহ উদ্দিন মেজবাহ গতকাল বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ কথা বলেন। সূত্র জানায়, গত বুধবার লালবাগ অঞ্চল ও চকবাজার থানার পুলিশ বুয়েটের এম এ রশিদ হলের ৩০১ নম্বর কক্ষে অভিযান চালিয়ে মেজবাহকে গ্রেপ্তার করে। গতকাল তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঢাকা মহানগর হাকিম হাসিবুল হক জবানবন্দি গ্রহণ করেন। এরপর আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।আদালত সূত্র জানায়, জবানবন্দিতে মেজবাহ বলেছেন, ৬ এপ্রিল বুয়েটের শহীদ স্মৃতি হলের মসজিদের ইমাম মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে যোগ দেওয়া কর্মীদের খিচুড়ি খাওয়ান। এ কারণে আরিফের নেতৃত্বে ওই ইমামকে মারধর করা হয়। ৯ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে নজরুল ইসলাম হলের ১১২ নম্বর কক্ষের সামনে একা পেয়ে আরিফকে চাপাতি দিয়ে আঘাত করে দ্রুত স্থান ত্যাগ করেন মেজবাহ। আদালতে নিয়ে যাওয়ার আগে রাজধানীর মিন্টু রোডে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার (ডিসি-দক্ষিণ) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর বলেন, ঘটনার পর মেজবাহ শরীয়তপুরের নড়িয়া চলে যান। তাঁকে কেউ শনাক্ত করতে পারেনি এমন তথ্যের ভিত্তিতে তিনি রশিদ হলে ফিরে আসেন। ডিবির এডিসি ছানোয়ার বলেন, জিজ্ঞাসাবাদে মেজবাহ বলেছেন, মাস দেড়েক আগে তিনি চাপাতিটি কিনে রেখেছিলেন। কেউ ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বললে বা ইসলামবিরোধী কাজ করলে ওই চাপাতি দিয়ে তাঁর ওপর হামলা করার পরিকল্পনা ছিল তাঁর। পরিবারের বক্তব্য: মেজবাহ উদ্দিনের পরিবারের একজন সদস্য নাম প্রকাশ না করে গতকাল ডিএমপির মিডিয়া সেন্টারের সামনে প্রথম আলোর কাছে দাবি করেন, তিনি যদি ওই হামলা করে থাকেন, তাহলে কেউ তাঁকে এ কাজে উৎসাহ জুগিয়েছে। তিনি আরও বলেন, মেজবাহ একজন মাওলানার কাছে যেতেন। এটা জানতে পেরে তাঁকে সরানোর চেষ্টা করা হয়েছিল। জ্ঞান ফেরেনি: আহত আরিফ বর্তমানে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। ঘটনার পর থেকেই তিনি সংজ্ঞাহীন। তাঁর ভাই রিয়াজ মোরশেদ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।