বুয়েটের সাবেক অধ্যাপক আবুল হাসনাত আর নেই

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আবুল হাসনাত আর নেই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের করোনা এলাকায় ১৭ জুলাই তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯২ বছর।
ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির একটি কবরস্থানে অধ্যাপক আবুল হাসনাতকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে এবং বহু শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।
আবুল হাসনাত ১৯৪৬ সালে ভারতের পশ্চিমবঙ্গের বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পুরকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের কার্নেগি ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এমএস ডিগ্রি অর্জন করেন তিনি। ১৯৫১ সালে দেশে ফিরে তৎকালীন আহসানুল্লাহ প্রকৌশল কলেজে (বর্তমান বুয়েট) পুরকৌশল বিভাগে সহকারী অধ্যাপক পদে যোগ দেন। যুক্তরাষ্ট্রের টেক্সাস এঅ্যান্ডএম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জনের পর ১৯৬৭ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত আবুল হাসনাত বুয়েটের পুরকৌশল বিভাগের প্রধানের দায়িত্ব পালন করেন। তিনি ইরাকের বসরা বিশ্ববিদ্যালয় এবং সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ বিশ্ববিদ্যালয়েও শিক্ষকতা করেছেন।
আবুল হাসনাতের মৃত্যুতে বুয়েট অ্যালামনাইয়ের পক্ষ থেকে এর সভাপতি অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী শোক জানিয়েছেন। বিজ্ঞপ্তি