বৃক্ষ জাদুঘর গড়ার স্বপ্ন মনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমতল থেকে টিলাটি ফুট ত্রিশেক ওপরে। টিলাজুড়ে বিশাল বাগান। হরেক রকম ফলজ, বনজ ও ঔষধি গাছের সমাহার। বাগানের ভেতর জনা কয়েক লোকের নাতিদীর্ঘ একটি লাইন নজর কাড়ল। কাছে গিয়ে জিজ্ঞেস করতেই একজন জানালেন, তাঁরা ফল কিনতে এসেছেন। খানিক দূর এগিয়ে কয়েকজনকে পাওয়া গেল, ঘুরে ঘুরে বাগান দেখছেন তাঁরা, দর্শনার্থী। বাগানটির অবস্থান খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মধ্য বোয়ালখালী অনাথ আশ্রম এলাকায়। নাম ‘বসু ফ্রুটস ভ্যালি’। ২০০৪ সালে বাগানটি গড়ে তোলেন তুষার কান্তি বসু (৫০) নামে এক বৃক্ষপ্রেমী। সাড়ে ২২ একরের বাগানে ২১৯ প্রজাতির প্রায় ৪০ হাজার বৃক্ষ আছে। কৃষি বিভাগের মতে, বাগানটি একসময় গাছের ‘জিন ব্যাংক’ (সব প্রজাতির গাছের সংরক্ষণ) হিসেবে কাজ করবে। আর তুষার বসুর স্বপ্ন, তাঁর এ বাগান একদিন ‘বৃক্ষ জাদুঘরে’ পরিণত হবে।হাঁটতে হাঁটতে একসময় দেখা হয় তুষার বসুর সঙ্গে। ভিন্ন রঙের একটা আপেল কুল হাতে নিয়ে পরখ করে দেখছিলেন। পরিচয়পর্ব ও কুশল বিনিময়ের পর বাগানের কথা উঠল। জানা গেল, বাগানের ফল বিক্রি করে বছরে কয়েক লাখ টাকা আয় হয় তাঁর। গাছগুলোতে রাসায়নিক সার ব্যবহার করা হয় না। ২০০৭ সালের জুনে কৃষি মন্ত্রণালয় থেকে ফল, বৃক্ষ রোপণ ও পরিচর্যার জন্য তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন।ঠিকাদার থেকে বৃক্ষপ্রেমী: এককালে প্রথম শ্রেণীর ঠিকাদার ছিলেন তুষার বসু। ঠিকাদারি ব্যবসার জন্য তিনি নোয়াখালী সদর থেকে ১৯৮২-৮৩ সালে দীঘিনালায় চলে এসেছিলেন। ২০০৪ সালের কথা। ঠিকাদারি কাজে মন্দা যাচ্ছিল। অলস সময় যেন কাটছিল না। হঠাৎ মাথায় এল, ফল-ফলাদিসমৃদ্ধ একটি বাগান গড়ে তুললে কেমন হয়! সময়টা অন্তত পার করা যাবে। পরামর্শ করলেন দীঘিনালার তৎকালীন কৃষি কর্মকর্তা বন্ধুবর তাজুল ইসলামের সঙ্গে। তিনিও সায় দিলেন। সেই থেকে শুরু। মধ্য বোয়ালখালী অনাথ আশ্রম এলাকায় প্রথমে সাত একর টিলা কিনে বাগান তৈরি করেন। বর্তমানে বাগান থেকে বছরে প্রায় ২২ লাখ টাকার ফল বিক্রি করছেন তুষার বসু।রকমারি গাছ আর গাছ: ১২ মাস বাগানের কোনো না কোনো গাছে ফল থাকেই। বাগানে বিদেশি ফলও রয়েছে অনেক। ১৪৮ প্রজাতির ফলের মধ্যে আম রয়েছে ১০ জাতের, পাঁচ জাতের লিচু, কাঁঠাল তিন প্রজাতির, নয় জাতের পেয়ারা, কুল (বরই) আট প্রজাতির, তিন জাতের জলপাই, দুই প্রজাতির জাম্বুরা ও তিন প্রজাতির আমড়া। তুষার বসুর দাবি, তাঁর বাগানে ১৬ প্রজাতির বিলুপ্তপ্রায় ফলজ গাছ রয়েছে। এ ছাড়া রয়েছে ৩২ প্রজাতির ঔষধি ও ১৩ প্রজাতির বনজ গাছ। শোভা বর্ধনের জন্য রয়েছে দুরান্ডা, দেবদারু, ঝাউ, শিউলি, গন্ধরাজ, কলাবতী, বকুল, কৃষ্ণচূড়া, পাতাবাহার ও কাঠ গোলাপসহ ১০ প্রজাতির গাছ।জৈব সারের ব্যবহার: বাগানটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে জৈব সার ব্যবহার করা হয়। গোবর, খৈল, শুটকির গুঁড়া, মুরগির বিষ্ঠা, ছাই ও চুনের মিশ্রণে পঁচানো জৈব সার দিয়ে গাছের যত্ন করা হয় এখানে। তুষার বসু জানান, জৈব সার ব্যবহারের ফলে ফল ও গাছের রংই হয় অন্য রকম। গাছগুলো থাকে সতেজ। ফলের স্বাদও হয় আলাদা। প্রতি শুক্রবার বাগান পরিদর্শনের জন্য সাধারণ দর্শনার্থীদের জন্য উম্মুক্ত থাকে।এত এত ভালোর পাশে বাগানে কিছু সমস্যাও হচ্ছে। বাগান এলাকায় বিদ্যুৎ না থাকায় গাছে পানি দিতে হয় সেচপাম্প দিয়ে। প্রতিদিন ৬০ হাজার লিটার পানির প্রয়োজন হয়। জ্বালানি তেল লাগে বছরে প্রায় দেড় লাখ টাকার। এতে বাগানের ফল উৎপাদনে খরচ হয় বেশি। বিদ্যুৎ-সংযোগ পাওয়া গেলে এ খরচ অর্ধেকে নেমে আসবে বলে মনে করেন তুষার বসু।দীঘিনালা পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি জাকির হোসেন বলেন, এখন দীঘিনালায় বড় কোনো অতিথি এলে আপ্যায়নের শুরুতেই থাকে তুষার বসুর বাগানের ফল। বাজারে যে ফলগুলো পাওয়া যায় তার প্রায় সবই রাসায়নিক মিশ্রিত। কিন্তু এ বাগানের ফলের স্বাদই আলাদা। উপজেলা কৃষি কর্মকর্তা মোহন কুমার ঘোষ বলেন, ‘বাগান হিসেবে না দেখে এটিকে গাছের ‘জিন ব্যাংক’ বলা যেতে পারে। এ বাগানে যত প্রজাতির গাছ আছে এত প্রজাতির গাছ আমাদের কৃষি গবেষণা ইনস্টিটিউটের জিন ব্যাংকেও আছে কি না আমার জানা নেই।’