বৃক্ষ নিধন করে বিলবোর্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক অস্থিরতায় বন্ধ আছে বিলবোর্ড উচ্ছেদ অভিযান। এর সুযোগ নিচ্ছেন সরকার-সমর্থক বিলবোর্ড ব্যবসায়ীরা। সরকারের শেষ সময়ে বিলবোর্ড স্থাপনে তোড়জোড় করছেন যুবলীগ নামধারী এই ব্যবসায়ীরা।
সরেজমিনে দেখা গেছে, চট্টগ্রাম নগরের কদমতলী মোড়ে রেলওয়ের জায়গায় ও লালখান বাজারে এশিয়ান হাইওয়ের ফুটপাতে এসব বিলবোর্ড স্থাপনের প্রস্তুতি চলছে। এ জন্য লোহার খুঁটি বসানো হয়েছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, ‘লালখান বাজারে সেনাবাহিনী তাদের জায়গায় বিলবোর্ড স্থাপনে কোনো অনুমতি দিয়েছে কি না, আমার জানা নেই। তবে আমি দায়িত্ব গ্রহণের পর কোনো অনুমতি দিইনি।’ প্রায় ছয় মাস আগে তিনি দায়িত্ব গ্রহণ করেন।
নগরের কদমতলী মোড়ে রেলওয়ের জায়গায় বিলবোর্ড স্থাপনের জন্য ছয়টি গাছ কেটে ফেলেছে সিটি আর্ট নামের একটি বিজ্ঞাপনী প্রতিষ্ঠান। এই বিলবোর্ডের উচ্চতা প্রায় চারতলা ভবনের সমান। এর মধ্যে দুটি আমগাছ সম্পূর্ণ এবং চারটি শিরীষের শাখা-প্রশাখা কাটা হয়। প্রতিষ্ঠানের কর্ণধার মোহাম্মদ সালাহউদ্দিন চট্টগ্রামের পাঠানটুলী ওয়ার্ড যুবলীগের নেতা হিসেবে পরিচিত।
সিটি করপোরেশনের সাইনবোর্ড স্থাপনের নীতিমালার ৭ নম্বর ধারা অনুযায়ী, নগরের বিভিন্ন রাস্তায় গাছের চারা কিংবা গাছের ক্ষতি করে কোনো প্রকার সাইনবোর্ড স্থাপন করা যাবে না।
রেলওয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, ‘সিটি আর্টকে বিলবোর্ড স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে, বৃক্ষ নিধনের নয়। গাছ কেটে থাকলে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ একই অভিযোগে আগে একবার এই প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছিল বলে জানান তিনি।
এ প্রসঙ্গে জানতে চাইলে মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘এটি আমাদের পারিবারিক প্রতিষ্ঠান। আর এর দেখাশোনা করেন আমার বড় ভাই। তিনি এখন দেশের বাইরে আছেন।’ এর পরই তিনি মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
এদিকে লালখান বাজারের ফুটপাতে বিলবোর্ড স্থাপনের জন্য গত সোমবার পাঁচটি মিনিপোল বসানো হয়েছে। এর পেছনে রয়েছেন নগর যুবলীগের সদস্য সনৎ বড়ুয়া। তবে মিনিপোল স্থাপনে করপোরেশনের অনুমতি রয়েছে বলে দাবি করেন তিনি।
কিন্তু সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন প্রথম আলোকে বলেন, ‘আপাতত বিলবোর্ড স্থাপনের অনুমোদন বন্ধ আছে।’ তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ও ঈদের দীর্ঘ ছুটির ফাঁকে কেউ যদি বিলবোর্ড স্থাপন করে, তাহলে তা উচ্ছেদ করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম নগরে বৈধ বিলবোর্ড রয়েছে আট হাজার ৪৫১টি। বিভিন্ন সময় অপসারণের পর এখন অবৈধ বিলবোর্ড আছে ২১২টি। নগরে বিলবোর্ড ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের বড় একটি অংশ ছাত্র ও যুবনেতারা।