বৃক্ষনিধন বন্ধের দাবি বাপার
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে নির্বিচারে বৃক্ষনিধন বন্ধের দাবি জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতারা। গতকাল শুক্রবার ওই সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধিদল এই মহাসড়ক পরিদর্শনে এসে নির্বিচারে বৃক্ষনিধন দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে তা বন্ধে উদ্যোগ নিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান। বাপার প্রতিনিধিদলে ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ জামিল, সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুল করিম, সুনামগঞ্জের আহ্বায়ক শফিকুল আলম, সদস্যসচিব মলয় চক্রবর্তী, সংগঠক রমা দাশ, বিশ্বজিৎ ভট্টাচার্য, হবিগঞ্জের আহ্বায়ক তোফাজ্জুল হোসেন প্রমুখ। শরিফ জামিল বলেন, ‘এই মহাসড়কে ১৩টি সেতু হবে। এর জন্য হয়তো প্রতিটি সেতুর পাশে দু-চারটি গাছ কাটা লাগতে পারে। কিন্তু আমরা এসে যা দেখলাম, তা খুবই উদ্বেগজনক। সড়কের দুই পাশে শত শত গাছ কাটা হচ্ছে। যেখানে প্রয়োজন নেই, সেখানেও গাছ কাটা হয়েছে।’