বৃক্ষনিধনের প্রতিবাদে মানববন্ধন
সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে নির্বিচারে বৃক্ষনিধনের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন হয়েছে। সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে সুনামগঞ্জ পরিবেশ আন্দোলন (সুপা)।ট্রাফিক পয়েন্ট এলাকায় বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ওই কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেন। এ সময় বক্তব্য দেন সুনামগঞ্জের ক্রীড়া সংগঠক পারভেজ আহমেদ চৌধুরী, সুনামগঞ্জ পরিবেশ আন্দোলনের সদস্যসচিব মলয় চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হায়দার চৌধুরী, জেলা শ্রমিক লীগের সভাপতি সিরাজুর রহমান, বিএনপির জেলা কমিটির সদস্য আমিরুল হক, সুনামগঞ্জে তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দররক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব এনাম আহমদ, পরিবেশবাদী আন্দোলনের সংগঠক কল্লোল তালুকদার ও মাকসুদুল হক, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, মহাসড়কে পরিকল্পিতভাবে বৃক্ষহত্যা চলছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগের সিলেট বিভাগীয় বৃক্ষপালন কার্যালয়ের প্রধান কর্মকর্তা জসিম উদ্দিনের যোগসাজশে একটি লুটেরা চক্র এই বৃক্ষহত্যা চালিয়ে যাচ্ছে। তিনি অবৈধভাবে লাভবান হয়ে যেখানে প্রয়োজন নেই, সেখানেও গাছ কাটার সুযোগ করে দিচ্ছেন। বক্তারা অবিলম্বে এই বৃক্ষনিধন বন্ধে উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান। মলয় চক্রবর্তী বলেন, ‘নীতিমালা অনুযায়ী গাছ কাটতে হলে বন বিভাগের অনুমতি নিতে হয়। কিন্তু সেটি করা হয়নি। আমরা দেখেছি, যেখানে পাঁচটা গাছ কাটলে হয়, সেখানে ২৫টি কাটা হচ্ছে। নির্বিচারে বৃক্ষহত্যা বন্ধ না হলে আমরা আইনি পদক্ষেপ নেব।’