বৃক্ষপালন, না বৃক্ষমারণ শাখা!
বান্দরবানে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বৃক্ষপালন শাখাটি বৃক্ষমারণ শাখায় পরিণত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সওজের রোপণ করা প্রায় আড়াই হাজার পাম চারা গরু-ছাগলকে খাইয়ে ধ্বংস করা হয়েছে বলে এলাকার লোকজন জানিয়েছেন।সওজের খালি জায়গা দখলে রাখার অজুহাতে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার জন্য পামবাগান সৃজন প্রকল্প করা হয়েছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরাও স্বীকার করেছেন। সওজের নির্বাহী প্রকৌশলী ফজলুল হক লামায় ও বান্দরবানের সুয়ালকে রোপণ করা সব কটি পাম চারা মারা যাওয়ার কথা স্বীকার করে বলেছেন, পামবাগান সৃজনের ব্যাপারে তাঁদের কোনো কিছু জানা নেই।লামা লাইনঝিড়ি এলাকায় সওজের উপবিভাগীয় প্রকৌশলী দপ্তরের মাঠে কাঠ হয়ে শুকিয়ে থাকা শত শত পাম চারা দেখা গেছে। সওজের সেখানে কর্মরত কেউ জানেন না কত পাম চারা রোপণ করা হয়েছে। একজন কর্মচারী বলেছেন, ‘খোলা মাঠে রোপণ করা চারাগুলো গরু-ছাগলে খেয়েছে ও বিনষ্ট করেছে। রোপণের সময়ও গর্তের গভীরতা-প্রশস্ততা ঠিক ছিল না। এ জন্য বেশির ভাগ চারা রোপণের পর পর মারা গেছে।’সওজের কর্মচারী আবু তাহের, ইসমাইল বলেছেন, গত বছরের জুনে চারাগুলো রোপণ করা হয়েছে। কিন্তু বৃক্ষপালন শাখা থেকে সওজের স্থানীয় দপ্তরকে হস্তান্তর করে যায়নি। চারাগুলো পরিচর্যা করার জন্যও কাউকে নিয়োগ দেওয়া হয়নি।লাইনঝিড়ি এলাকার বাসিন্দা নূরুজ্জামান, ইউছুপ আলী বলেছেন, ‘পাম চারা গরু খেয়ে ফেলেনি, খাওয়ানো হয়েছে।’ তাঁরা বলেন, ‘প্রকৃতপক্ষে পামবাগানের জন্য নয়, চারা ক্রয়, পরিবহন, রোপণ ও পরিচর্যা দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করার জন্য এটি করা হয়েছে।’লামা উপবিভাগীয় প্রকৌশলী শাকিল মোহামঞ্চদ ফয়সাল বলেছেন, ‘সওজের বৃক্ষপালন শাখাটি ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হয়।’ পাম চারার ব্যাপারে তাঁদের কোনো কিছু জানানো হয়নি। বান্দরবানের উদ্যান উন্নয়ন কেন্দ্রের প্রধান উদ্যানতত্ত্ববিদ রফিকুল আলম বলেছেন, ‘প্রকৌশলীদের রোপণ করা পাম চারা মারা যাবে, এটা স্বাভাবিক। রোপণের সময় তাঁরা কৃষিবিদদের সহযোগিতা নিতে পারতেন।’ঢাকার মিরপুরে বৃক্ষপালন শাখার উপসহকারী প্রকৌশলী আবদুর রহমান তাঁদের পাম চারা রোপণের ব্যাপারে লামার স্থানীয় কেউ না জানার কথা অস্বীকার করে বলেছেন, ‘সওজের লামার লোকজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তাঁরা অস্বীকার করলে করার কিছু নেই।’ স্থানীয় একটি চক্র সওজের জমি দখলের জন্য পাম চারাগুলো গরুকে খাইয়ে ধ্বংস করে দিয়েছে বলে তিনি দাবি করেন। তবে এ প্রকল্পে কত টাকা ব্যয় হয়েছে তিনি জানাতে চাননি।