বৃক্ষমানবের ডান হাতে দ্বিতীয় দফায় অস্ত্রোপচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ট্রি-ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রোমে ভোগা আবুল বাজনদারের ডান হাতে আজ শনিবার দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের চিকিৎসকেরা। গত শনিবার আবুল বাজনদারের ডান হাতে পাঁচটি আঙুলেই অস্ত্রোপচার করা হয়। ওই একই হাতে আবারও অস্ত্রোপচার হলো। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের প্রধান আবুল কালামের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল আবুল বাজনদারের দ্বিতীয় দফায় অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার শেষে অধ্যাপক আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘আবুল বাজনদারের আঙুলের ভেতরে-ভেতরে গাছের শেকড়ের মতো কিছু অংশ রয়ে গেছে। দ্বিতীয় দফায় কবজি থেকে আঙুলের ওপরের অংশ ও তালুর কিছুটা অংশে অস্ত্রোপচার করা হয়। আমরা আঙুলগুলোতেও কিছু কাজ করেছি। প্রতিটি আঙুলে দুটি করে রক্তনালি আছে। সে জন্য আঙুলে অস্ত্রোপচারের কাজটি খুব ধীরে ধীরে করতে হচ্ছে।’ তিনি আরও বলেন, আবুল বাজনদারের হাতে ছোট-বড় ধরনের ১৩ থেকে ১৫টি অস্ত্রোপচার করতে হবে।
অস্ত্রোপচারের কাজে যুক্ত চিকিৎসকেরা জানান, গত ২৩ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ব্যান্ডেজ পরিবর্তন করা হয় আবুল বাজনদারের। সেদিনই চিকিৎসকেরা অস্ত্রোপচার করতে চেয়েছিলেন। কিন্তু অস্ত্রোপচারের জায়গায় কিছু পুঁজ জমে যাওয়ায় তাঁরা তা করেননি। আজ শনিবার পরিস্থিতির উন্নতি হওয়ায় তাঁরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। আজ বৃদ্ধাঙ্গুলি, অনামিকা ও কনিষ্ঠা থেকে শেকড়ের মতো কিছু অংশ অপসারণ করা হয়।
চিকিৎসকেরা বলছেন, ধারাবাহিকভাবে অনেকগুলো অস্ত্রোপচার হবে বলে আজ তাঁকে অ্যানেসথেসিয়া দেওয়া হয়নি। ক্যাটামিন প্রয়োগ করে গভীরভাবে ঘুম পাড়িয়ে রাখা হয়েছিল। অস্ত্রোপচারের কাজে আগের মতোই ‘ইলেকট্রো কাটারি’ নামের একটি যন্ত্র ব্যবহার করা হয়েছে। বার্ন ইউনিটের তিন নম্বর অপারেশন থিয়েটারে আজ দুপুর সোয়া ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এই অস্ত্রোপচার হয়।
আবুল বাজনদারের স্ত্রী হালিমা খাতুন রাতে মুঠোফোনে প্রথম আলো কে বলেন, ‘আমার স্বামী ভালো আছে। তবে খালি ঘুমোচ্ছে। ক্যামন লাগতিছে কিছু বলতে পারিনি আজ।’
আবুল বাজনদার গত ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন। ২০ ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা তাঁর ডান হাতটি থেকে শিকড়ের মতো বৃদ্ধি পাওয়া অংশগুলো অস্ত্রোপচার করে বাদ দিয়েছেন। ১০ বছর ধরে আবুল এই রোগে ভুগছেন।

আরও পড়ুন: