বৃক্ষমানব এখন চিন্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবুল বাজনদার। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে l প্রথম আলো
আবুল বাজনদার। গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে l প্রথম আলো

‘বৃক্ষমানব’ বলে পরিচিত আবুল বাজনদার চিন্তিত হয়ে পড়েছেন। তাঁর হাত ও পায়ের শিকড়ের মতো জিনিসগুলো বড় হচ্ছে। শরীরে জ্বালা-যন্ত্রণা বাড়ছে। পুরোপুরি সুস্থ হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে বলে আবুলের মনে হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে দুই বছর ধরে চিকিৎসা চলছে খুলনা জেলার পাইকগাছার আবুল বাজনদারের। পঞ্চম তলার পৃথক একটি কক্ষে পরিবার নিয়ে থাকেন আবুল। গত শনিবার সেই কক্ষে আবুল ও তাঁর স্ত্রীর সঙ্গে কথা হয়। আবুল দুই হাত দেখিয়ে বলেন, ‘শিকড়গুলো আবার ফিরে আসছে। আঙুল ফুলে গেছে। একটু চিন্তিত হয়ে পড়েছি। জ্বালা-যন্ত্রণা দিন দিন বাড়ছে, হাসপাতালে ভর্তি হওয়ার আগের মতো পরিস্থিতি হয়েছে।’
২০১৬ সালের ৩০ জানুয়ারি ঢাকা মেডিকেলে ভর্তির পর ছোট-বড় ২৩টি অস্ত্রোপচার হয়েছে আবুলের দুই হাত ও দুই পায়ে। সর্বশেষ অস্ত্রোপচার হয় গত বছরের ২৭ জুলাই। এরপর আর বিশেষ কোনো চিকিৎসা হয়নি।
আবুল বাজনদার ‘এপিডার্মোডিসপ্লাসিয়া ভেরাসিফরমিস’ রোগে আক্রান্ত বলে ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা জানিয়েছিলেন। রোগটি ‘ট্রি ম্যান’ (বৃক্ষমানব) সিনড্রম নামে পরিচিত। ১৫ বছর বয়স থেকে আবুলের হাত ও পায়ের মাংস বাড়তে থাকে শিকড়ের মতো করে। ১০ বছর ভোগার পর ঢাকা মেডিকেল ভর্তি হন আবুল।
ঢাকা মেডিকেলের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান অধ্যাপক মো. আবুল কালাম গত রোববার প্রথম আলোকে বলেন, জিনগত ত্রুটির কারণে আবুল বাজনদারের এই রোগ দেখা দিয়েছে। আমরা শিকড়ের মতো অংশ অস্ত্রোপচার করে ফেলে দিয়েছি। আমরা পর্যবেক্ষণ করছি। আমরা দেখতে পাচ্ছি, শিকড়গুলো আগের চেয়ে বৃদ্ধি পাচ্ছে কম।’
স্বাস্থ্য অধিদপ্তর তাদের প্রকাশনায় বলেছে, বিরল এই রোগে আক্রান্ত মানুষ প্রথম শনাক্ত হয় ২০০৭ সালে। তিনি ছিলেন রোমানিয়ার নাগরিক। এরপর ২০০৭ ও ২০০৯ সালে ইন্দোনেশিয়ায় দুজন শনাক্ত হয়। আবুল এই রোগে আক্রান্ত পৃথিবীর চতুর্থ মানুষ।

আবুল বাজনদারের চিকিৎসায় সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ঢাকা মেডিকেল। বোর্ড সদস্যরা যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার বিশেষজ্ঞদের সঙ্গে করণীয় বিষয়ে পরামর্শ করেন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের একটি পরীক্ষাগারে আবুলের রক্ত, টিস্যু ও লালার নমুনা পাঠানো হয়েছিল। পরীক্ষায় ক্যানসার শনাক্ত হয়নি।

আবুল প্রথম আলোকে বলেন, ‘আমার মেয়েটি বড় হচ্ছে। তাকে স্কুলে ভর্তি করাতে হবে। বুঝতে পারছি না আমি কী করব।’

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়কারী অধ্যাপক সামন্তলাল সেন প্রথম আলোকে বলেন, ‘আবুলের চিকিৎসার সব খরচ বহন করছে সরকার। তাঁকে একটি চাকরি দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।’ ঢাকা মেডিকেলের চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁরা আবুলকে আরও দু-তিন বছর পর্যবেক্ষণে রাখতে চান।