বৃক্ষমানবের বাম হাতে অস্ত্রোপচার হতে পারে আগামী শনিবার
সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শনিবার বৃক্ষমানব আবুল বাজনদারের বাম হাতটিও ‘জটমুক্ত’ হবে। আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের চিকিৎসকদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
এর আগে আবুল বাজনদারের দুই দফা অস্ত্রোপচার করতে হয়েছে। দুবারই ডান হাতে। সব মিলে কমপক্ষে ১৫টি ছোট-বড় অস্ত্রোপচার লাগতে পারে বলে মনে করছেন চিকিৎসকেরা। এদিকে আজ শনিবার আবুল বাজনদারের ডান হাতের ব্যান্ডেজ পাল্টানো হয়।
বার্ন ও প্লাস্টিক সার্জারির জাতীয় সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘আবুল বাজনদারের ডান হাত এখন বেশ স্বাভাবিক মনে হচ্ছে। আরও কয়েক দফা ‘ক্লিন’ করলে হয়তো পুরোপুরি স্বাভাবিক মনে হবে।’
একের পর এক অস্ত্রোপচার, ইনজেকশন, ওষুধের প্রয়োগ চলছে আবুল বাজনদারের শরীরে। তারপরও ভারমুক্ত হওয়ার আশায় তাঁকে মানসিকভাবে বেশ ভালোই দেখা গেল। অস্ত্রোপচারের পর থেকে যে যন্ত্রণা সেটা আছেই। তবু বললেন, তিনি ভালো আছেন। হাসপাতালে কোনো সমস্যা নেই। বছর দেড়েক হাসপাতালে থাকতে হবে জেনে আবুল বাজনদারেরা কেবিনেই সংসার পেতেছেন।
আবুল বাজনদারের স্ত্রী হালিমা খাতুন, মা আমেনা বেগম সবাইকে পাওয়া গেল হাসিমুখে। ঘুরেফিরে আবুল বাজনদারের আড়াই বছরের মেয়ে তাহেরা বাবার কোল ঘেঁষে এসে বসছিল। আবুল বাজনদার বললেন, ‘জন্মের পর থেকে কখনো মেয়েটারে কোলে নিতি পারিনি। হাতটা ভালো হলিই ধরি দেখব।’ স্ত্রী হালিমা খাতুন বললেন, বাবা-মেয়ের খুব বন্ধুত্ব। জন্মের পর একবারের জন্যও মেয়েকে কোলে নিতে পারেননি বাজনদার। শুধু বলতেন কোলে বসিয়ে দিতে। হাত দুটোকে সামলে মেয়েকে বুকে চেপে ধরার চেষ্টা করেছেন। এখন হালিমার মনের শঙ্কাও কেটে গেছে অনেকটা। তিনিও আশা করছেন স্বামী সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবেন।
আবুল বাজনদার ট্রি ম্যান সিনড্রোমে ভুগছেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা। অল্প কিছু আঁচিল থেকে ধীরে ধীরে তাঁর দু হাত ও দু পায়ে অস্বাভাবিক বৃদ্ধি দেখা দেয়। এগুলো এখন দেখতে অনেকটা শেকড়ের মতো লাগে। প্রায় ১৫ বছর ধরে রোগে ভুগলেও এবারই প্রথম পূর্ণাঙ্গ চিকিৎসার সুযোগ পাচ্ছেন আবুল বাজনদার।