বৃক্ষমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছে ধরে আছে পাকা নানা জাতের আম। পাশের গাছে ডোরাকাটা থাইল্যান্ডের মাল্টা, ড্রাগন, করমচা। আছে শরিফা, জাম্বুরা, লেবু, আমড়া, পেয়ারাসহ আরও কত ফল। শুধু কি ফল, আছে বাহারি পাতা, ফুল ও ঔষধি গাছ। এমন সব নাম না জানা গাছ শোভা পাচ্ছে ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার চত্বরে। জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গত শুক্রবার থেকে সাধারণ পাঠাগার চত্বরে চলছে বৃক্ষমেলা। মেলা মাঠে স্থাপন করা হয়েছে একটি মুক্তমঞ্চ। বনায়নে মানুষকে উদ্বুদ্ধ করতে ও গাছগাছড়ার বিভিন্ন উপকারী দিক জানাতে প্রতিদিন সন্ধ্যা থেকে মুক্তমঞ্চে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে। অনুষ্ঠানে জারিগান, সারিগান, আঞ্চলিক গান পরিবেশ করা হয়। থাকে কবিতা আবৃত্তি, বক্তৃতা ও আলোচনা সভা।