বৃক্ষমেলা না বাণিজ্য মেলা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে বৃক্ষমেলায় হস্ত ও কুটিরশিল্পের দোকান l ছবি: প্রথম আলো
পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে বৃক্ষমেলায় হস্ত ও কুটিরশিল্পের দোকান l ছবি: প্রথম আলো

নাম ‘ফলদ ও বনজ বৃক্ষমেলা’। তবে মেলায় গাছের চারার স্টলের সংখ্যা কম। কসমেটিকস এবং হস্ত-কুটিরশিল্পের সামগ্রীর স্টলই বেশি। চারা বিক্রি না হলেও এসব সামগ্রী দেদার বিকোচ্ছে। পঞ্চগড় সরকারি মিলনায়তনে শুরু হওয়া বৃক্ষমেলার এ অবস্থা।
আয়োজকেরা জানান, পঞ্চগড় জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে ৩ আগস্ট ১০ দিনব্যাপী এ ফলদ ও বনজ বৃক্ষমেলা শুরু হয়। এতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আরডিআরএস ও বন বিভাগের তিনটি স্টল রয়েছে। এ ছাড়া গাছের চারা বিক্রির জন্য ১১টি নার্সারির স্টল বসানো হয়েছে। এর বাইরে ১১টি কসমেটিকস ও হস্ত-কুটিরশিল্পের সামগ্রীর স্টল এবং একটি আচারের স্টল বসেছে।
মেলায় অংশ নেওয়া নার্সারি-মালিকেরা জানান, গত সাত দিনে মেলায় খুব একটা দর্শনার্থীর আগমন ঘটেনি। যাঁরা আসছেন, তাঁদের মধ্যেও গাছের চারা কেনার তেমন কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। বরং তাঁরা কসমেটিকসের স্টলে কেনাকাটা করে চলে যাচ্ছেন। ফলে এখন লাভ নয়, ১০ দিনের খরচ ওঠানো নিয়ে চিন্তায় রয়েছেন তাঁরা। দর্শনার্থীর আগমন কম হওয়ার জন্য কর্তৃপক্ষের যথেষ্ট প্রচার-প্রচারণার অভাবকে দুষছেন তাঁরা। আর মেলায় একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে জেলার বাইরে থেকে কসমেটিকস ও হস্ত-কুটিরশিল্পের সামগ্রীর দোকান এনে ব্যবসা চালাচ্ছে বলে অভিযোগ তাঁদের।
বোদা উপজেলা থেকে আসা আইভি নার্সারির কর্মকর্তা ইয়াসিন আলী বলেন, ‘আমাদের চিঠি দেওয়া হয়েছে বৃক্ষমেলার। কিন্তু এখানে এসে তো বৃক্ষমেলা মনে হয় না। মনে হচ্ছে বাণিজ্য মেলা। প্রায় চার লাখ টাকার চারা নিয়ে এসেছি। গত সোমবার সারা দিনে বিক্রি করেছি মাত্র ৮০০ টাকার। আজ (গতকাল মঙ্গলবার) দুপুর পর্যন্ত এক টাকার চারাও বিক্রি করতে পারিনি।’
অন্তর নার্সারির মালিক মাসুদ রানা বলেন, এবারের বৃক্ষমেলার জন্য কোনো প্রচার-প্রচারণা চালানো হয়নি। বাইরের লোক জানতেই পারেনি এখানে মেলা বসেছে। ফলে মেলায় ক্রেতার সংখ্যা খুবই কম। তেমন বেচা-বিক্রিও নেই।
তবে পঞ্চগড় নার্সারি মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ‘মেলা শুরুর আগে জেলা প্রশাসকের কার্যালয়ে এ বিষয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় আমরা মেলাকে জমিয়ে তোলার জন্যই কসমেটিকস ও হস্ত-কুটিরশিল্পের সামগ্রীর স্টল বসানোর ব্যাপারে মতামত দিয়েছি। তবে পরবর্তী সময়ে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা বিষয়টি দেখভাল করছেন।’
জানতে চাইলে পঞ্চগড়ে বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আরশাদুল হক বলেন, ‘এই ব্যাপারে আমাদের করার কিছুই নেই। আমরা যথেষ্ট প্রচারণা চালাচ্ছি। আর কসমেটিকসের দোকানগুলো নার্সারি মালিক সমিতিই এনেছে।’