বৃক্ষমেলার নামে চলছে র্যাফল ড্র
সিরাজগঞ্জ সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে বৃক্ষমেলার নামে ‘লতাপাতা র্যা ফল ড্র’ লটারি খেলা চলছে। একই সঙ্গে লটারির প্রচারে ব্যবহৃত মাইকের উচ্চ শব্দে এলাকার শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার আট-নয়জন বাসিন্দা বলেন, সামনে প্রাথমিক সমাপনী, জেএসসি ও এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। লটারির আয়োজন করায় প্রতিদিন সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত মাইকের শব্দে ঘরে থাকা কঠিন হয়ে পড়েছে। শিক্ষার্থীরা লেখাপাড়া করতে পারছে না। আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা প্রশাসনের অনুমতি না নিয়েই এই লটারি খেলা পরিচালনা করছেন।
এলাকাবাসী সূত্র জানায়, সদর উপজেলার পিপুলবাড়িয়া বাজারে বৃক্ষমেলার নাম করে বেশ কিছু স্টল তৈরি করা হয়। আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ছাড়াই গত ২৩ আগস্ট থেকে বৃক্ষমেলায় লতাপাতা র্যা ফল ড্র খেলা শুরু করা হয়। প্রতি দিন ২০-২২টি মাইক অটোরিকশাযোগে বিভিন্ন গ্রামগঞ্জে গিয়ে প্রচার করে ২০ টাকা মূল্যের টিকিট বিক্রি করা হয়। রাতে খেলায় একটি করে মোটরসাইকেল, রেফ্রিজারেটর, টেলিভিশন, বাইসাইকেল, ফ্যানসহ বিভিন্ন ধরনের পুরস্কার দেওয়া হয়। মাইকের উচ্চ শব্দে অনেক ক্ষেত্রেই বাজারের ব্যবসায়ীরা তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে বাধ্য হচ্ছেন।