বৃক্ষমেলার সমাপনী
পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, সবুজকে বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। আর সেই ধরনের উন্নয়ন কোনোভাবেই টেকসই হতে পারে না।
গতকাল শনিবার বিকেলে আগারগাঁও বন ভবনে জাতীয় বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। ‘অধিক বৃক্ষ, অধিক সমৃদ্ধ’ স্লোগান নিয়ে গত ৫ জুন মাসব্যাপী এই বৃক্ষমেলার উদ্বোধন করা হয়।
বনমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের যে পরিকল্পনা সরকারের হাতে রয়েছে, তা সবুজবান্ধব। আর তা বাস্তবায়ন করতে হলে সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
বিশেষ অতিথি পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, সরকার দেশের কোনো জায়গা সবুজবিহীন রাখতে চায় না।
অনুষ্ঠানে বৃক্ষমেলা উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার ও বিজয়ী বিক্রেতাদের সম্মাননা জানানো হয়। এবারের মেলায় সাত লাখ ৯৭ হাজার ১২০টি চারা গাছ বিক্রি হয়েছে।
বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক ইউনুস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বন ও পরিবেশসচিব শফিকুর রহমান পাটোয়ারী উপথিত ছিলেন।