বৃক্ষমেলার সময় বাড়ল ১২ দিন

এবার বৃক্ষমেলার সময়টাতে রোজা ও ঈদের ছুটি পড়েছে। স্বভাবতই রোজার সময় কেনাকাটায় মানুষের স্রোত ছিল ঝলমলে বিপণিকেন্দ্রের দিকে। তারপর ঈদের ছুটিতে রাজধানীর বাসিন্দাদের বড় একটা অংশ গেছে গ্রামের বাড়িতে। সব মিলিয়ে বৃক্ষমেলা জমেনি। গতবারের চেয়ে এবার বিক্রিবাট্টা অর্ধেক। তাই গতকাল সোমবার মেলার শেষ দিনে বন মন্ত্রণালয় ১২ দিন পর্যন্ত মেলার সময় বাড়িয়েছে।
গত ৪ জুন রাজধানীর শেরেবাংলা নগরে শুরু হয় মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা-২০১৭। তবে এই এক মাসের বিক্রি ও দর্শনার্থীদের উপস্থিতি নিয়ে মেলায় অংশ নেওয়া নার্সারি ব্যবসায়ীরা হতাশ। ঈদের ছুটিতে দুই দিন মেলা প্রাঙ্গণ বন্ধ ছিল। মেলার স্টলে অংশ নেওয়া লোকজন বলছেন, রোজা থাকায় দর্শনার্থীও কম ছিল।
৩ জুলাই মেলা শেষ না হয়ে জাতীয় বৃক্ষমেলা চলবে ১৫ জুলাই পর্যন্ত। ঢাকা বিভাগের সামাজিক বন কর্মকর্তা হোসেইন মোহাম্মদ মিশাদ গতকাল প্রথম আলোকে বলেন, মেলায় অংশ নেওয়া নার্সারি ব্যবসায়ীদের আবেদনের পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় সময় বাড়িয়েছে। ২ জুলাই সময় বাড়ানোর কথা জানানো হয়।
প্রায় এক মাসে এবারের মেলায় টাকার হিসাবে বিক্রির পরিমাণ অর্ধেক। গত শনিবার মেলার তথ্যকেন্দ্রের দায়িত্বে থাকা বিভাগীয় বন কর্মকর্তা মো. গোলাম কুদ্দুস ভূঁইয়া বলেন, ৩০ জুন পর্যন্ত মেলায় গাছ বিক্রি হয়েছে ৭ লাখ ৮৪ হাজার ৯১১টি। মোট ৩ কোটি ২০ লাখ ৪৯ হাজার ৫৭৪ টাকার বিক্রি হয়েছে। গত বছর গাছ বিক্রির পরিমাণ ছিল ১১ লাখ ১০ হাজার ৫৩৯টি। আর বিক্রি হয়েছে ৬ কোটি ২১ লাখ ৬৮ হাজার ১৫০ টাকার।
গত শনিবার দেখা যায়, মেলায় লোকসমাগম ভালোই। যদিও ঈদের ছুটির রেশ তখনো ছিল। বিভিন্ন নার্সারির স্টল ঘুরে জানা যায়, মেলায় এবার ফলজ গাছের চাহিদা বেশি এবং দেশি জাতের আম গাছ মানুষ বেশি কিনেছে। এ ছাড়া লেবুগাছেরও চাহিদা ছিল। গোলাপ, বেলি, অ্যারোমেটিক জুঁই, রঙ্গন ফুলের চারাও পছন্দের শীর্ষে।
মালিহা আজাদ ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরে দেরি করেননি। গাছ কিনতে চলে এসেছেন। তাঁর ছাদে ফুল আর ফল গাছ বেশি। তিনি বলেন, ‘প্রতি বর্ষাতেই আমি গোলাপের চারা কিনি। আজকেও কিনলাম। আর বাতাবি লেবু ও বেলির চারা নেব।’ অনেককেই দেখা গেল বাচ্চাদের নিয়ে এসে গাছ চেনাচ্ছেন।
বাংলাদেশ প্ল্যান্ট নার্সারি ম্যান সোসাইটির সাধারণ সম্পাদক ও মেলায় বরিশাল নার্সারির মালিক মো. ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ‘রোজা ও ঈদ হওয়ায় এবার মেলা জমেনি। এ মেলার তো আরও একটা উদ্দেশ্য, মানুষকে বিভিন্ন ধরনের গাছের সঙ্গে পরিচয় করানো। কিন্তু ছুটি হওয়াতে অনেকেই ঢাকা ছেড়েছিল। ব্যবসা, গাছ চেনা কোনোটাই ভালোমতো হয়নি।’ তিনি আরও বললেন, আগামী বছর থেকে মেলার সময়টা রোজার পরে করার জন্য মন্ত্রণালয়কে বলবেন তাঁরা।