বৃক্ষমেলার ১৫টি স্টলের ১২টিই বৃক্ষহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় ফলদ বৃক্ষরোপণ পক্ষ, বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০১৬ আজ শুক্রবার শেষ হচ্ছে। দায়সারাভাবে এর আয়োজন করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সামাজিক বন বিভাগ যৌথভাবে এ মেলার আয়োজন করে।
গত শনিবার জেলা প্রশাসক সায়মা ইউনুস ওই মেলার উদ্বোধন করেন। শিল্পকলা একাডেমি চত্বরে সপ্তাহব্যাপী এ মেলার আয়োজন করা হয়। ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশি ফল বেশি খান’ ও ‘জীবনের জন্য গাছ, জীবিকার জন্য গাছ, স্লোগানে মেলা শুরু হয়।
গতকাল বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, মেলায় খুবই ছোট পরিসরে মাত্র ১৫টি স্টল বসানো হয়েছে। এর মধ্যে ১০টি স্টলই ফাঁকা। বাকি পাঁচটির মধ্যে একটি সামাজিক বন বিভাগ, একটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও তিনটিতে নার্সারি মালিকেরা কিছু গাছ সাজিয়ে রেখেছেন। বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত মেলায় অবস্থানকালে একজন দর্শক বা ক্রেতাকেও দেখা যায়নি। ফরেস্টার আবদুল মতিন সরকার বন বিভাগের স্টলে ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দুজন উপসহকারী কৃষি কর্মকর্তা আবু তালেব ও শেফালি খাতুন মঞ্চের সামনে চেয়ারে বসে সময় পার করছেন।
মেলায় অংশ নেওয়া সদর উপজেলার দৌলতদিয়ার গ্রাম থেকে আসা প্রভা নার্সারির কর্মচারী শুভ রহমান বলেন, ২৩ জুলাই মেলা শুরুর পর থেকে ২৮ জুলাই পর্যন্ত ছয় দিনে মাত্র ৩০০ টাকার চারা গাছ বিক্রি হয়েছে। নার্সারি থেকে গাছ আনা-নেওয়া ও খাওয়াসহ এ পর্যন্ত দুই হাজারের বেশি টাকা খরচ হয়েছে।
পৌর এলাকার মুসলিম পাড়ার পুষ্প নার্সারির প্রতিনিধি মোহাম্মদ নাসির বলেন, ছয় দিনে মাত্র এক হাজার টাকার চারা গাছ বিক্রি করেছেন। আর বিক্রি হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে সরকার দেশব্যাপী বৃক্ষমেলার আয়োজন করলেও চুয়াডাঙ্গায় দায়সারা আয়োজন হয়েছে। মেলায় অংশগ্রহণকারী নার্সারি মালিকদের ন্যূনতম খোঁজখবর নেওয়া হয়নি। নার্সারি খাতে একটি টাকাও খরচ করা হয়নি।
সামাজিক বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলাম খান দাবি করেন, স্থানীয় নার্সারি মালিকদের অসহযোগিতায় মেলা জমেনি। ভবিষ্যতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।
পৌর এলাকার শান্তিপাড়ার দয়াল নার্সারির মালিক দৌলত হোসেনের অভিযোগ, যথাযথ প্রচার না করায় মেলায় দর্শক-ক্রেতা আসেননি। উদ্বোধনী ও দ্বিতীয় দিন ছাড়া মানুষের আনাগোনা দেখা যায়নি। আয়োজকেরাও খোঁজ নেননি কারও। দর্শক-ক্রেতাদের টানতে সপ্তাহব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের কথা থাকলেও উদ্বোধনী ও দ্বিতীয় দিনে স্বল্প সময়ের জন্য অনুষ্ঠান করা হয়। বাকি দিনগুলোতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়নি।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক নির্মল কুমার দে বলেন, ‘মেলার মূল উদ্যোক্তা বন বিভাগ। আমরা তাদের সহযোগিতা করছি। তবে এবারের মেলায় নার্সারির অংশগ্রহণ সন্তোষজনক নয়।’