প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত পাঁচ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান গতকাল বুধবার শেষ হয়েছে। শেষ দিনে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফতেপুরের জাহানারা মমতাজ বালিকা উচ্চবিদ্যালয়ে ১৫০টি ফলদ, বনজ, ঔষধি ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা রোপণ করেন বন্ধুরা।
‘একজন বন্ধু, দুটি গাছ’ শিরোনামে সারা দেশে প্রায় ৭১ হাজার গাছ লাগানোর কর্মসূচি নিয়েছেন প্রথম আলো বন্ধুসভার সদস্যরা। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম বন্ধুসভা এই কর্মসূচির আয়োজন করেছে। কর্মসূচিতে চট্টগ্রামের অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়ক, নয়ার হাট, চালিতাতলি বোর্ড অফিস, চন্দনাইশের সাতবাড়িয়া, বাঁশখালীর জলদি, মিরসরাইয়ের উত্তর মগাধিয়া ও ফটিকছড়ির ফতেপুর এলাকায় ১ হাজার ৫০০ গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন জাহানারা মমতাজ বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চট্টগ্রাম বন্ধুসভার সহসভাপতি পল্লবী খাস্তগীর।