বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন স্থানে গতকাল রোববার বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

নীলফামারীতে এক ঘণ্টায় ৬ হাজার গাছের চারা লাগিয়েছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুজিবুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিক প্রমুখ। সৈয়দপুরে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আজমল হোসেন ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান।

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ তাদের বিভিন্ন কার্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৪ হাজার ৪৪৭টি বৃক্ষ রোপণ করেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের বলেন, জেলার ৭০১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই বৃক্ষ লাগানো হয়।

জয়পুরহাটে পাঁচটি উপজেলার ৩৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত পাঁচটি করে গাছের চারা রোপণ করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তোফাজ্জল হোসেন।

লালমনিরহাট সদর উপজেলায় গত শনিবার বিভিন্ন জাতের ফলদ ও বনজ গাছের চারা তুলে দিয়েছে প্রথম আলো বন্ধুসভা।

পঞ্চগড়ে এক ঘণ্টায় ৫ হাজার গাছের চারা লাগিয়েছেন প্রাথমিক শিক্ষা পরিবারের সদস্যরা। নওগাঁর আত্রাই শিক্ষা অফিস ও উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করে এর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান ও ইউএনও মোখলেছুর রহমান।

রংপুরের বদরগঞ্জ উপজেলার ১৭৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একযোগে বৃক্ষ রোপণ করা হয়েছে। উপজেলা পরিষদ মাঠে হাঁড়িভাঙা আমের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সাংসদ আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল গনি মন্ডল ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করেন। শেরপুরে এক ঘণ্টায় উপজেলার ১৩৭টি প্রাথমিক বিদ্যালয় চত্বরে ১ হাজারটি বিভিন্ন ধরনের গাছের চারা রোপণ করা হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল কাইয়ুম।

পাবনার ঈশ্বরদী উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক ঘণ্টায় ৭৩৩টি ফলদ ও বনজ গাছের চারা রোপণ করা হয়েছে। উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান, ইউএনও নাসরিন আক্তার প্রমুখ।

[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন চাঁপাইনবাবগঞ্জ, নীলফামারী ও সৈয়দপুর, জয়পুরহাট, লালমনিরহাট, পঞ্চগড়, বদরগঞ্জ (রংপুর), দুপচাঁচিয়া, শেরপুর ও আদমদীঘি (বগুড়া), ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি]