বৃক্ষরোপণে তারাগঞ্জ মডেল অনুসরণের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের তারাগঞ্জের ইউএনওর দৃষ্টান্ত অনুসরণ করে দেশের সব উপজেলায় গাছ লাগানোর নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ২৪ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ই-মেইলে এ নির্দেশপত্র পাঠানো হয়। চিঠিতে সই করেন উপসচিব মঈনউল ইসলাম।
‘সবুজ তারাগঞ্জ গড়ি’ কর্মসূচির আওতায় এক ঘণ্টায় আড়াই লাখ গাছ লাগিয়ে দৃষ্টান্ত স্থাপন করেন ইউএনও জিলুফা সুলতানা। এখন চারাগুলো রক্ষণাবেক্ষণের জন্য সামাজিক বনায়নের আওতায় নিতে বন মন্ত্রণালয়কে অনুরোধ করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
নির্দেশপত্রে বলা হয়েছে, তারাগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা জিলুফা সুলতানা উপজেলার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি ও সর্বসাধারণকে (প্রায় ৩০ হাজার মানুষ) একত্র করে গত ১ সেপ্টেম্বর এক ঘণ্টায় উপজেলার ১৫৩টি রাস্তায় ফলদ-বনজ ও ঔষধি বৃক্ষের আড়াই লাখ চারা রোপণ করেছেন। অনন্যসাধারণ এ কার্যক্রম বাস্তবায়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁকে সম্মাননা দেওয়া হয়। এই প্রেক্ষাপটে গত সেপ্টেম্বরে মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় তারাগঞ্জ উপজেলার দৃষ্টান্ত অনুসরণে দেশের সব উপজেলায় বৃক্ষরোপণের সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্যই জেলা প্রশাসক ও ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে।
গতকাল শুক্রবার সরেজমিনে তারাগঞ্জের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রাস্তার দুই ধারে লাগানো ৩০ প্রজাতির গাছের চারাগুলো রক্ষার জন্য চলছে খাঁচা ও খুঁটি লাগানোর কাজ। আম, জাম, কাঁঠাল, অর্জুন, আকাশমণি, আমলকীসহ নানা জাতের ফুল, ফল ও ঔষধি গাছের পরিচর্যা করছে এলাকার মানুষ।
গতকাল বিকেলে কুর্শা ইউনিয়নের ইউপি সদস্য গোলাম মোস্তফাসহ কয়েকজনকে মেডিকেল মোড়-বুড়িরহাট রাস্তায় লাগানো গাছের চারা বাঁশের খাঁচা দিয়ে ঘিরে দিতে দেখা যায়। গোলাম মোস্তফা প্রথম আলোকে বলেন, ‘তারাগঞ্জবাসী যেভাবে গাছ লাগিয়েছে, ঠিক সেভাবে তারা সেগুলোর পরিচর্যা করছে। অনেকেই গাছ রক্ষায় খাঁচা দিচ্ছেন। গত তিন দিনে আমার ওয়ার্ডে ৭০০ খাঁচা লাগানো হয়েছে।’
তারাগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহামুদা বেগম বলেন, গত এক মাসে বিভিন্ন সড়কে কিছু চারা মরে গেছে। পূর্বপরিকল্পনা অনুযায়ী সেখানে নতুন চারা লাগানো হয়েছে।
বামনদিঘী-বদরগঞ্জ সড়কের হাতিবান্ধা এলাকায়ও কয়েকজনকে গাছের চারায় বাঁশের খাঁচা লাগাতে দেখা গেল। এ সময় হাড়িয়ারকুঠি গ্রামের শিহাব হোসেন বললেন, ‘বড় ছেলেটাসহ একটা বাঁশ কাটি চাইরটা খাঁচা বানাছি। সেই খাঁচা রাস্তার গাছোত নাগাওছি। খালি মুই নোয়াও হামার পাড়ার কম-বেশি সোবায় দুই-চাইরটা খাঁচা গড়ে গাছে নাগে দেওছে।’
নতুন কচিপাতা ছেড়েছে সয়ার ইউনিয়নের বুড়িরহাট-ধোলাইঘাট রাস্তায় লাগানো চারা গাছগুলো। দোলাপাড়া গ্রামের গৃহবধূ সোনামনিকে ওই রাস্তায় একটি ছাগল তাড়া করতে দেখা যায়। তিনি বলেন, ‘অনেক কষ্ট করি সোবায় মিলি এই গাছগুলা লাগাছি। সেই গাছের যত্নও করুছি। গাছগুলা যাতে গরু-ছাগল না খায় সেদিকেও খেয়াল থুউছি।’
ইউএনও জিলুফা সুলতানাও গতকাল ছুটির দিনে মাঠে ছিলেন। রংপুর-সৈয়দপুর মহাসড়কের ইকরচালী ডিগ্রি কলেজ এলাকায় চারাগাছে খাঁচা লাগানোর সময় কথা হয় তাঁর সঙ্গে। তিনি বলেন, ‘দেশ গড়ার যেকোনো উদ্যোগে আমরা মত-পথ-পার্থক্য ভুলে বারংবার ঐক্যবদ্ধ হই। তারাগঞ্জের মানুষ যেন সে কথাই মনে করিয়ে দিচ্ছে।’