বৃক্ষরোপণে পাওয়া পুরস্কার হস্তান্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যালয়টি টিলার ওপর। ফলে প্রচণ্ড গরমের সময় শ্রেণিকক্ষে প্রায় প্রতিবছরই অচেতন হয়ে পড়ত কোনো না-কোনো শিক্ষার্থী। ক্যাম্পাস শীতল রাখতে শিক্ষকেরা গাছ লাগানোর উদ্যোগ নেন। শেষ পর্যন্ত এই উদ্যোগের সুফল শুধু শিক্ষক-শিক্ষার্থীরাই পাননি, বিদ্যালয়েরও গৌরব বাড়িয়েছে। বৃক্ষরোপণে ২০১৪ সালে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেয়েছে চট্টগ্রামের লোহাগাড়ার পুটিবিলা উচ্চবিদ্যালয়।
গতকাল শনিবার বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় সাংসদ আবু রেজা নেজামউদ্দিন মুহাম্মদ নদভী পুরস্কার হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি রিজিয়া সুলতানা চৌধুরী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃষ্ণ দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিজনূর রহমান, ওসি মো. শাহজাহান, প্রধান শিক্ষক মো. নাসির উদ্দিন, সালাউদ্দিন হিরু, আইয়ুব মিয়া, নুরুচ্ছফা চৌধুরী প্রমুখ।
১০ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এ বিদ্যালয়ে বনজ, ফলদ, ঔষধি, শোভাবর্ধনকারী মিলে প্রায় ২০ হাজার গাছ রয়েছে। এ গাছগুলোর অধিকাংশই রোপণ করা হয় মূলত ২০১০ সালে। ওই সময় বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা মিলে শিক্ষকদের তত্ত্বাবধানে গাছ লাগানো হয়। শিক্ষার্থীরা শ্রেণি কার্যক্রমের পাশাপাশি সপ্তাহে এক দিন গাছের পরিচর্যা করে।
অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাকিবুল হাসান বলে, এ বিদ্যালয়ে পড়তে এসে সে গাছকে ভালোবাসতে শিখেছে।