বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার পেলেন তারাগঞ্জের ইউএনও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রেস্ট হাতে ইউএনও  জিলুফা সুলতানা
ক্রেস্ট হাতে ইউএনও জিলুফা সুলতানা

রংপুরের তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিলুফা সুলতানা ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৬’ পেয়েছেন। বৃক্ষ, গবেষণা, সংরক্ষণ উদ্ভাবন শ্রেণিতে (ঞ) তিনি প্রথম পুরস্কার পান।

গত রোববার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস ও জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং পরিবেশ ও বৃক্ষমেলা ২০১৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও জিলুফা সুলতানার হাতে ক্রেস্ট, সনদ ও চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

জিলুফা সুলতানা ২০১৫ সালের ২০ সেপ্টেম্বর তারাগঞ্জে ইউএনও পদে যোগ দেন। গত বছর ১ সেপ্টেম্বর তাঁর নেতৃত্বে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় উপজেলার ১৫৩টি সড়কে এক ঘণ্টায় লাগানো হয় আড়াই লাখ গাছ।

বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৩০ হাজার মানুষ এসব গাছ রোপণ করেন। বৃক্ষরোপণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় এর আগে ইউএনওসহ তারাগঞ্জবাসীকে অভিনন্দন জানিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

বৃক্ষরোপণের এ দৃষ্টান্ত অনুসরণ করে দেশের সব জেলা প্রশাসক ও ইউএনওকে গত বছরের ২৪ অক্টোবর ই-মেইলযোগে সব জেলা-উপজেলায় বৃক্ষরোপণের নির্দেশ দিয়েছিল মন্ত্রিপরিষদ বিভাগ।

গত রোববার উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, রাস্তায় লাগানো সেই গাছগুলো স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগেই পরিচর্যা করছেন। নিজ বাড়ির সামনে গাছ রক্ষায় কেউ খাঁচা দিয়েছেন, কেউ আবার নিজ প্রতিষ্ঠানের সামনের গাছগুলো ঘিরে দিয়েছেন জাল দিয়ে।

রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের শলেয়াশাহ্ সেতু থেকে চিকলী সেতু পর্যন্ত ১৬ কিলোমিটার এলাকাজুড়ে লাগানো আম, জাম, কাঁঠাল, অর্জুন, আকাশমণি ও আমলকীর চারায় ডালপালা গজিয়েছে। ওই সড়কের ১৩ মাইল নামক স্থানে জগদীশপুর গ্রামের কয়েক জন নারী-পুরুষকে গাছ পরিচর্যায় ব্যস্ত দেখা যায়।