বৃত্তাকার নৌপথ বারবার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন ছয়টি ওয়াটারবাস উদ্বোধনের পর গতকাল বুড়িগঙ্গার ওয়াইজঘাটে বেঁধে  রাখা হয় l ছবি: প্রথম আলো
নতুন ছয়টি ওয়াটারবাস উদ্বোধনের পর গতকাল বুড়িগঙ্গার ওয়াইজঘাটে বেঁধে রাখা হয় l ছবি: প্রথম আলো

 দুই পর্বে প্রকল্প ব্যয় ৯৪ কোটি টাকা  চারবার উদ্বোধন, খরচ ১৮ লাখ টাকা  নতুন ছয়টি বাসের একটিও চলছে না  আগের কটি চলছে ধুঁকে ধুঁকে
অরূপ দত্ত
স্থায়ী ঘাট নেই। টিকিট কাউন্টার নেই। যাত্রীছাউনি নেই। ট্রাফিক ব্যবস্থাপনা নেই। কিন্তু রাজধানীর চারপাশের বৃত্তাকার নৌপথে ‘ওয়াটার বাস’ প্রকল্পে খরচ হয়ে গেছে ৯৪ কোটি টাকা।
প্রায় ১০ কোটি টাকায় কেনা ১২টি ওয়াটার বাস উদ্বোধন করা হয়েছে এ পর্যন্ত চারবার। কারণ, উদ্বোধনের কয়েক দিন পরই এই ওয়াটার বাসসেবা কার্যত বন্ধ হয়ে যায়। সর্বশেষ ছয়টি ওয়াটার বাস উদ্বোধন করা হয়েছে গত রোববার। ওয়াইজঘাটে আড়ম্বরপূর্ণ উদ্বোধন হলেও গত তিন দিনে বাসগুলো নদীতে নামেনি। গতকাল গিয়েও এগুলোকে পাড়ে বাঁধা অবস্থায় দেখা গেছে।
নৌপরিবহন মন্ত্রণালয় ও অধীন সংস্থাগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এবং সরেজমিন গিয়ে আরও জানা গেছে, বৃত্তাকার নৌপথ প্রকল্পে চলাচলের জন্য আগে ছয়টি ওয়াটার বাস ছিল। এগুলোর মধ্যে বড় চারটিতে আসনসংখ্যা ৮১ এবং ছোট বাসে ৩৫টি করে। জনপ্রতি ভাড়া ৪০ টাকা।
নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গত সোমবার রাতে প্রথম আলোর প্রশ্নের জবাবে বলেছেন, নতুন ছয়টি ওয়াটার বাস ইতিমধ্যে চালু হয়ে গেছে। সময়সূচি ঠিক করে আরও ভালোভাবে চালু করা হবে। পন্টুনও করা হয়েছে। আগের বাসগুলো ভালোভাবেই চলছে। যাত্রীও আছে।
গতকাল দুপুর ১২টার দিকে গিয়ে সদরঘাট বা বাদামতলীতে ওয়াটার বাসের জন্য আলাদা কোনো ঘাট (পন্টুন) দেখা যায়নি। গায়ে গা লাগিয়ে নতুন ছয়টি বাস রাখা হয়েছে ওয়াইজঘাটে বিআইডব্লিউটিসির ৩ নম্বর ঘাটের পাশে।
জানতে চাইলে অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক ও বন্দর কর্মকর্তা মো. শহীদুল্লাহ প্রথম আলোকে বলেন, অন্য জায়গা থেকে আপাতত একটি পন্টুন এনে এখানে বসানো হয়েছে। পরে স্থায়ীভাবে বড় পন্টুন বসানো হবে।
ওয়াইজঘাট থেকে মাত্র ৪০০ গজ দূরের বাদামতলী ঘাটে দেখা যায়, পুরোনো তিনটি ওয়াটার বাস বাঁধা আছে। সেখানে বিআইডব্লিউটিসির কর্তব্যরত কর্মচারীরা জানান, এগুলো রাখার নির্ধারিত কোনো ঘাট নেই। শুধু ওয়াটার বাস রাখার জায়গা নয়, যাত্রীও পাওয়া যাচ্ছে না বলে জানান এসব বাসের কর্মচারীরা।
একটি ওয়াটার বাসের দুজন কর্মী জানান, সোমবার সকাল পৌনে সাতটায় বাদামতলী থেকে গাবতলীর উদ্দেশে প্রথম বাসটি যায় পাঁচজন যাত্রী নিয়ে। সূচি অনুযায়ী, ওই দিন দুপুর ১২টার সময় যে বাসটি ছাড়ার কথা, তা ছেড়েছে বেলা একটার পর। যাত্রী ছিল ১৫ জনের মতো।
কয়েকজন যাত্রী জানান, সড়ক-পথের যানজটসহ নানা সমস্যার কথা ভেবে তাঁরা মাঝেমধ্যে নৌপথে যাতায়াত করেন। সড়কপথে বাসে সদরঘাট থেকে গাবতলী যেতে ভাড়া ৩০ টাকা। ওয়াটার বাসে ভাড়া ৪০ টাকা। ওয়াটার বাসে সময়ও বেশি লাগছে বলে দাবি তাঁদের। প্রাড় দেড় ঘণ্টা লাগে।
সোমবার পুরোনো একটি ওয়াটার বাসে এই প্রতিবেদকের বাদামতলী থেকে সোয়ারিঘাট, খোলামুড়া হয়ে গাবতলী পৌঁছাতে সময় লাগে এক ঘণ্টা ২৫ মিনিট। দেখা গেল, সোয়ারিঘাট, খোলামুড়ায় ল্যান্ডিং স্টেশনের বিধ্বস্ত অবস্থা। পন্টুনে বড় বড় ফুটো। রেলিং ভেঙে ঝুলে আছে। সোয়ারিঘাটে একটি গরু বাধা। মলমূত্রে ভরে আছে পুরো স্টেশন।
নতুন ছয়টি ওয়াটার বাস উদ্বোধনের পরও চালু না হওয়ার কারণ খুঁজতে গিয়ে জানা যায়, এগুলো চলাচলের জন্য রুটই ঠিক করা হয়নি। বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক খালেদ নেওয়াজ বললেন, সবকিছু ঠিকঠাক না থাকায় বাসগুলো চালু করা যাচ্ছে না। তবে শিগগিরই চালু করার চেষ্টা চলছে।
২০০০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে বৃত্তাকার নৌপথ তৈরি ও ওয়াটার বাস চালুর পরিকল্পনা নেওয়া হয়। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে ২০০৪ সালে আশুলিয়া থেকে সদরঘাট পর্যন্ত রুটে দক্ষিণাঞ্চলে চলাচলকারী দুটি ছোট লঞ্চ দিয়ে প্রথম ‘ওয়াটার বাস’ উদ্বোধন করা হয়। ওই উদ্বোধনী অনুষ্ঠানে আপ্যায়ন বাবদ খরচ হয় পাঁচ লাখ টাকা। কিছুদিন পর ওই সেবা বন্ধ হয়ে যায়।
আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সরকার ক্ষমতায় এসে ২০১০ সালের আগস্টে ‘এমভি বুড়িগঙ্গা’ ও ‘এমভি তুরাগ’ নামে ওই একই রুটে দুটি ‘ওয়াটার বাস’ নামায়। সদরঘাটে অনুষ্ঠিত ওই উদ্বোধনী অনুষ্ঠানে খরচ হয় প্রায় ছয় লাখ টাকা। থ্রি অ্যাঙ্গেল কনসালট্যান্ট লিমিটেডকে দিয়ে এক কোটি সাড়ে ১১ লাখ টাকায় বাস দুটি নির্মাণ করায় বিআইডব্লিউটিসি। কিছুদিন চলাচল করে যাত্রীর অভাবে ও পানিস্বল্পতার কারণে তা বন্ধ হয়ে যায়।
২০১৩ সালের ৪ জুলাই আরও চারটি বাস উদ্বোধন করা হয়। এবার উদ্বোধনী অনুষ্ঠান হয় গাবতলীতে। খরচ হয় সাত লাখ টাকা। বাস চারটির দাম পড়ে তিন কোটি টাকা। এখনো অনেকটা ধুঁকে ধুঁকে চলে এ বাসগুলো।
সর্বশেষ রোববার যে ছয়টি ওয়াটার বাসের উদ্বোধন করা হয়, সেগুলো নির্মাণ করানো হয় হাইস্পিড নেভিগেশন লিমিটেডকে দিয়ে। এর জন্য বিআইডব্লিউটিসির খরচ হয় পাঁচ কোটি ১০ লাখ টাকা।
সদরঘাট-আশুলিয়া পর্যন্ত প্রথম পর্বের ৩০ কিলোমিটার বৃত্তাকার নৌপথ তৈরিতে খরচ করা হয় প্রায় ৪০ কোটি টাকা। কিন্তু এখন গাবতলীর পর আর রুটটি ব্যবহার করা হয় না।
দ্বিতীয় পর্বে টঙ্গী-রাজাখালি-ডেমরা-কাঁচপুর ৪০ কিলোমিটার নৌপথ তৈরিতে খরচ করা হয়েছে ৫৪ কোটি টাকা। নতুন ছয়টি বাস এ পথে চলবে বলা বলা হচ্ছে। কিন্তু উদ্বোধনের পর গত তিন দিনেও এগুলো চলাচল করেনি।