বৃত্তি পরীক্ষার নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষার নামে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের কাছ থেকে প্রায় চার লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গতকাল রোববার দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সংশ্লিষ্ট শিক্ষার্থী ও তাদের অভিভাবক সূত্রে জানা গেছে, গত সেপ্টেম্বরে ‘সুনামগঞ্জ এডুকেশন ট্রাস্ট’ নামের একটি সংগঠন প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের ঘোষণা দিয়ে জেলার আটটি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিজ্ঞপ্তি দেয়।
এতে বলা হয়, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক অর্থ, আকর্ষণীয় পুরস্কার ও সনদপত্র দেওয়া হবে। বিভিন্ন গ্রন্থাগারেৎ ফরম বিক্রি করা হয়। পরীক্ষার জন্য প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ফি বাবদ ৩০ থেকে ১০০ টাকা নেওয়া হয়। আট উপজেলার নয়টি কেন্দ্রে আলাদাভাবে পরীক্ষা হওয়ার কথা ছিল। সুনামগঞ্জ সদর উপজেলার শিক্ষার্থীদের পরীক্ষা ছিল গতকাল। কিন্তু সকালে শহরের সরকারি জুবিলী উচ্চবিদ্যালয় এবং সরকারি এসসি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে অভিভাবকেরা দেখেন, আয়োজকেরাও নেই, পরীক্ষার কোনো আয়োজনও নেই। পরে মুঠোফোনের মাধ্যমে ওই সংগঠনের ‘চেয়ারম্যান’ আবদুল মজিদকে ডেকে আনেন অভিভাবকেরা। এ সময় তাঁরা পরীক্ষা না হওয়ার কারণে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে তাঁকে পুলিশে সোপর্দ করা হয়। একই সময় পরীক্ষার ফরম বিক্রেতা পৌর শহরের পাঞ্জেরী লাইব্রেরির মালিক শেখ রিপনকেও আটক করে পুলিশ।