বৃত্তি পাওয়ার খবর পেতে দুই বছর!
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মুনসেফপুর ফাজিল মাদ্রাসা থেকে ২০১২ সালে জুনিয়র দাখিল পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছিল আরিফুর রহমান। কিন্তু খবরটি পেতে তার লেগেছে দুই বছর।
মাদ্রাসাপ্রধানের গাফিলতিতেই বৃত্তি পাওয়ার খবর ও টাকা থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ করেছে আরিফুর। সে উপজেলার গোগরাতলা ইউনিয়নের মুনসেফপুর এলাকার কৃষক মুজিবুর রহমানের ছেলে।
সম্প্রতি আরিফুর অভিযোগ করে, দাখিল পরীক্ষা দিতে গিয়ে গত মার্চের শেষ দিকে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের এক পরীক্ষার্থীর কাছ থেকে নিজের বৃত্তি পাওয়ার কথা জানতে পারে। পরে এ বিষয়ে খোঁজ নিয়ে নিশ্চিত হয় আরিফুর ও তার পরিবার। মাদ্রাসার অধ্যক্ষের কাছে আরিফুর এ বিষয়ে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু তো জানাতে পারেনইনি, উল্টো বিরক্ত হয়েছেন। বৃত্তি পাওয়ার বিষয়ে জানা তাঁর দায়িত্বের মধ্যে পড়ে না বলে জানান অধ্যক্ষ। এ বিষয়ে তাঁকে আর বিরক্ত করতেও নিষেধ করেন।
আরিফুর দুঃখ করে বলে, ‘সময়মতো বৃত্তি পাওয়ার খবর পেলে আমি অনেক বেশি উৎসাহ পেতাম। আমার দাখিল পরীক্ষায় সেটার প্রভাব পড়ত। বরং বৃত্তি না পেয়ে খুব হতাশ হয়েছিলাম। বৃত্তির টাকা না বরং বৃত্তির খবরটা পেলে আমার মা-বাবা যে খুশিটা হতেন, সেটার দাম আমার কাছে অনেক।’
অধ্যক্ষ আবুল অফা মো. সানাউল্লাহ আব্বাসী বলেন, আরিফুর জুনিয়র দাখিল পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৮ পেয়েছিল। তাতে মনে হয়েছিল, সে বোধ হয় বৃত্তি পাবে না। তাই খোঁজ নেওয়া হয়নি। তবে মাদ্রাসা বোর্ড বা শিক্ষা কার্যালয় থেকেও কোনো তালিকা পাঠানো হয়নি। তাই বৃত্তির বিষয়টি নিশ্চিত না থাকায় ছেলেটিকে জানানো যায়নি।
তিনি আরও জানান, এরই মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তার সুপারিশ নিয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে আরিফুরের তামাদি হওয়া বৃত্তির টাকা পেতে আবেদন করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌফিকুল আলম বলেন, বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের তালিকা যথারীতি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়। বৃত্তি পাওয়া কোনো শিক্ষার্থীর খবর না জানার দায় প্রতিষ্ঠানপ্রধানের ওপরই বর্তায়। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।