বৃত্তি পেল সুবিধাবঞ্চিত ছয় শিক্ষার্থী
মহাখালীর কড়াইল ও সাততলা বস্তির অতিদরিদ্র পরিবারের ছয়জন মেধাবী শিক্ষার্থীকে চার হাজার টাকা করে বৃত্তি দিয়েছে যুগান্তর শ্রমজীবী সমবায় সমিতি। গতকাল সোমবার মহাখালীর বিটিসিএল মন্দির মাঠে সমিতির তৃতীয় বার্ষিক সাধারণ সভা শেষে এ বৃত্তি দেওয়া হয়।
বস্তিতে বসবাসরত অতিদরিদ্র পরিবারের মানুষের সামগ্রিক জীবনমান উন্নয়নে ইউকেএইডের আর্থিক সহায়তায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে ২০০৯-২০১৬ মেয়াদকালে ডিএফআইডির পরিচালনায় ডিএসকে-সিঁড়ি প্রকল্প নামে একটি জীবনমান প্রকল্প বাস্তবায়িত হয়। টেকসই উন্নয়ন নিশ্চিত করার স্বার্থে ডিএসকে উন্নয়নের গতি চলমান রাখতে যুগান্তর শ্রমজীবী সমবায় সমিতি গঠন করে।
সমিতি বর্তমানে স্বাধীনভাবে তৃণমূলের নেতৃত্বে পরিচালিত হচ্ছে এবং বস্তিবাসীদের জন্য নানামুখী উন্নয়ন কর্মসূচি পরিচালনা করছে। সমিতিতে বর্তমান সদস্য সংখ্যা ১ হাজার ৪০৪ জন।
সভায় স্থানীয় নেতারা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি সেতারা বেগম বলেন, ‘আমাদের স্বপ্ন অনেক। এই সমিতি একদিন আমাদের সবার ভাগ্যের উন্নয়ন করতে সক্ষম হবে।’