বৃত্তি পেলেন চুয়েটের ৪০ শিক্ষার্থী
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেধাবী এবং আর্থিকভাবে অসচ্ছল ৪০ শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২০১৪ সালে বিভিন্ন বিভাগীয় পরীক্ষায় যাঁরা ভাল ফলাফল করেছেন এবং যাঁরা আর্থিকভাবে অসচ্ছল, তাঁদের এই বৃত্তি দেওয়া হয়েছে।
চুয়েট প্রাক্তন ছাত্র সমিতি, চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন কানাডা এবং চুয়েটের প্রথম ব্যাচের শিক্ষার্থী প্রকৌশলী মাহমুদুজ্জামান খানের পক্ষ থেকে বিভিন্ন বিভাগের মোট ৪০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের উপাচার্য মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি ছিলেন চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. কবির আহমদ ভূঞা।
অনুষ্ঠানে মো. জাহাঙ্গীর আলম বলেন, বৃত্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করে।
কবির আহমদ ভূঞা বলেন, সফল হতে হলে শিক্ষার্থীদের পরিশ্রম করতে হবে। নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।
বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিসিএলের জেনারেল ম্যানেজার খান আতাউর রহমান, চুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন কানাডার সাধারণ সম্পাদক আনওয়ারুল আলম প্রমুখ।