বৃত্তি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী ১২৭ জন শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজে অধ্যয়নরত ১২৭ জন দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রছাত্রীকে ‘আফতাব জাহান ওয়েল ফেয়ার ট্রাস্ট’ বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এ বৃত্তি দেওয়া হয়। অ্যাসিসট্যান্স ফর ব্লাইন্ড চিলড্রেন (এবিসি) ও জাতীয় অন্ধ সংস্থা আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। অনুষ্ঠানে উপাচার্য বলেন, সমাজে প্রতিবন্ধীরা নানাভাবে বৈষম্যের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করছেন। তাঁদের সঠিক পরিচর্যা ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।আফতাব জাহান ওয়েল ফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ আমিনা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্টের সেক্রেটারি এস এইচ মাহমুদ এবং এবিসি ও জাতীয় অন্ধ সংস্থার কর্মকর্তারা। মরহুমা আফতাব জাহান প্রায় ২০ বছর আগে নিজস্ব একটি বাড়ি অন্ধ কল্যাণের জন্য দান করেন এবং ট্রাস্ট ফান্ড গঠন করেন। এই ফান্ডের আয় থেকেই বিশ্ববিদ্যালয় পর্যায়ে অধ্যয়নরত দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিবছর বৃত্তি দেওয়া হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩২ জন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের ১৯৫ জন দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থীকে বার্ষিক তিন হাজার টাকা করে বৃত্তি দেওয়া হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী ছাত্রছাত্রীদের আগামী ১৬ জুলাই বিকেল চারটায় ১০৪/১, বড়মগবাজারের ট্রাস্ট ভবন থেকে সরাসরি বৃত্তি নিতে বলা হয়েছে।