বৃত্তি প্রদান শীতবস্ত্র বিতরণ
নীলফামারীর ডোমার উপজেলায় আলহাজ সরকার মোহাম্মদ সোলায়মান ও মতিনা সোলায়মান ফাউন্ডেশনের পক্ষে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয় এবং শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গত মঙ্গলবার সন্ধ্যায় ডোমার নাট্য সমিতি মিলনায়তনে ওই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালনা বোর্ডের সদস্য (উন্নয়ন) এম মাহবুব-উল আলম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ফাউন্ডেশনের সভাপতি রেজাউল হক রাজার সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুদা, ডোমার পৌরসভার মেয়র মো. মনছুরুল ইসলাম, কবি ও সাংবাদিক এস এম সালেম সুলেরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে বক্তব্য দেন ডোমার বহুমুখী উচ্চবিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মঞ্জুরুল হক, আব্বাস উদ্দিন একাডেমীর নির্বাহী পরিচালক মোস্তফা ফিরোজ প্রধান, ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল আলম প্রমুখ।আলোচনা শেষে উপজেলার ৩৮ জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়। ২১ জন অসহায় শীতার্তের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে আব্বাস উদ্দিন একাডেমীর শিল্পীরা সংগীত পরিবেশন করেন।