বৃত্তিপ্রাপ্তদের কাছে বেতন দাবি প্রশ্নে হাইকোর্টের রুল
বৃত্তি পাওয়া শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি (মাসিক বেতন) দাবি করা স্কুলসহ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ গতকাল সোমবার স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল দেন।
শিক্ষাসচিব, অতিরিক্ত সচিব (টাস্কফোর্স), শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, ঢাকা জেলা শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট থানা শিক্ষা কর্মকর্তাকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
‘বৃত্তিপ্রাপ্তদের কাছ থেকেও টিউশন ফি আদায়!’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে গত ৩ আগস্ট প্রতিবেদন ছাপা হয়। এতে বলা হয়, যারা প্রাথমিক ও অষ্টম শ্রেণির পরীক্ষায় বৃত্তি পাবে তাদের কাছ থেকে টিউশন ফি আদায় করা যাবে না—সরকারের এমন কঠোর নির্দেশনা থাকলেও তা মানছে না বেসরকারি নামী স্কুলগুলো।
প্রতিবেদনটি গতকাল আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আমির হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল অরবিন্দু কুমার রায়। শুনানি নিয়ে আদালত ওই রুল দেন।
আইনজীবী মো. আমির হোসেন পরে প্রথম আলোকে বলেন, ‘২৪ মে ঢাকা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তির শর্তে বলা হয়, সব মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা বিনা বেতনে অধ্যয়নের সুযোগ পাবে। সরকারি অনুদানপ্রাপ্ত ও বোর্ডের অধিভুক্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন (টিউশন ফি) আদায় করতে পারবে না। তা সত্ত্বেও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে মাসিক বেতন আদায় করা হচ্ছে বলে প্রতিবেদনে এসেছে। এটি ওই নির্দেশনার পরিপন্থী বলে বিষয়টি তুলে ধরেছি।’
ওই প্রতিবেদনে আরও বলা হয়, রাজধানীর ভিকারুননিসা নূন, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন নামী প্রতিষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরো মাসিক বেতন (টিউশন ফি) দিতে হচ্ছে। রাজধানীর বাইরেও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এই প্রবণতা রয়েছে।