বৃত্তিমূলক শিক্ষাকে মানসম্মত করার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিযোগিতামূলক চাকরির বাজারে টিকে থাকার মতো দক্ষ জনশক্তি তৈরির জন্য বৃত্তিমূলক শিক্ষাকে মানসম্মত পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দারিদ্র্য বিমোচনের একমাত্র উপায় হলো শিক্ষা। আর ভবিষ্যতে দক্ষ কর্মীবাহিনী গড়ে তুলতে বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষা আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। খবর বাসসের৷
গতকাল বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০১৪ উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, তাঁর সরকার পাঠ্যক্রমকে আন্তর্জাতিক মানের পর্যায়ে উন্নীত এবং শিক্ষাকে আধুনিক ও বিজ্ঞানভিত্তিক করতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।
শেখ হাসিনা আরও বলেন, তাঁর সরকার ২০২০ সাল নাগাদ মাধ্যমিক স্তরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষায় ২০ শতাংশ শিক্ষার্থী বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, শিক্ষাসচিব মোহাম্মদ সাদিক ও কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক শাহজাহান মিয়া।